
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক চলে যাওয়াটাকে কেউই মেনে নিতে পারছেন না। ভোলে বাবা পার করেগা সিরিয়ালের শ্যুটিংয়ে দিঘার তালসারিতে গিয়ে সমুদ্রে ডুবে প্রাণহানির ঘটনায় রীতিমতো হতচকিত সকলে। রবিবার ২৯ মার্চ এই ঘটনা সামনে আসতেই একাধিক প্রশ্ন উঠে এসেছে বারবার। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সকে। গত ১ এপ্রিল ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রযোজনা সংস্থাকে চিঠি পাঠিয়ে রাহুলের মৃত্যু কীভাবে হল তা জানতে চাওয়া হয়। তবে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার জবাবে একেবারেই সন্তুষ্ট নন আর্টিস্ট ফোরামের সদস্যরা। আর এবার তাঁরা এই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছেন।
শুক্রবার অনেক রাতেই আর্টিস্ট ফোরামের বৈঠক ডাকা হয়। যেখানে উপস্থিত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, লাবণি সরকার, ভরত কল, শাশ্বত চট্টোপাধ্যায় সহ আর অনেকে। বৈঠক শেষে আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে ধারাবাহিকের প্রযোজনা সংস্থার কাছে মৃত্যুর কারণ জানতে চেয়ে চিঠি পাঠানো হয়। সেই চিঠির উত্তর সন্তোষজনক না হওয়ায় শনিবার ‘আর্টিস্ট ফোরাম’-এর তরফে থানায় এফআইআর করা হবে।
শান্তিলালের পর প্রসেনজিৎ-ও বলেন, যে চলে গিয়েছে তাঁকে আর ফেরানো যাবে না। কিন্তু সহজ যেন বড় হয়ে জানতে পারে যে, তাঁর বাবা কেন চলে গিযেছে? আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সংক্রান্ত বিবৃতিও জারি করা হয়। এর আগেও আর্টিস্ট ফোরাম রাহুলের মৃত্যুর ঘটনায় দফায় দফায় বৈঠক করেন। যেখানে উপস্থিত হয়েছিলেন রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও। শনিবার বিকেল ৪টে নাগাদ টেকনিশিয়ান স্টুডিও থেকে রাহুলের মৃত্যুর ন্যায় বিচার চেয়ে মিছিল ডাকা হয়েছে। যেখানে ইন্ডাস্ট্রির একাধিক মুখকে সামিল হতে দেখা যাবে।
গত ২৯ এপ্রিল তালসারিতে শ্যুটুং চলার সময়ই জলে ডুবে মৃত্যু হয় রাহুলের। শ্যুটিং চলছিল লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজিত ধারাবাহিক 'ভোলেবাবা পার করেগা'-এর। পুলিশ সূত্রে খবর, সমুদ্রের জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। সেখান থেকেই জানা যায়, লীনার প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’ পুলিশের কোনও অনুমতি ছাড়াই নাকি সেখানে শুটিং করছিল। তার পরেই রাহুলের মৃত্যুকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। আঙুল উঠেছে প্রযোজনা সংস্থার দিকে।
শনিবার দুপুর ২টো নাগাদ এই এফআইআর দায়ের করবে আর্টিস্ট ফোরাম। শোনা যাচ্ছে, রিজেন্ট পার্ক থানায় দায়ের করা হবে অভিযোগ। জানা গিয়েছে, সবটাই আইনি পরামর্শ মেনেই এগোনো হচ্ছে। তাই একটু সময় লেগেছে বলে জানিয়েছে আর্টিস্ট ফোরামের অন্যতম সদস্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শনিবার বিকালে টেকনিশিয়ান স্টুডিয়ো থেকে রাধা স্টুডিয়ো পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়েছে। রাহুলের স্মৃতিতে তাঁর গল্প, কবিতা পাঠ করবেন শিল্পীরা।