
গত দু'বছরে বদলে গিয়েছে তাঁর জীবন। সুশান্তের মৃত্যুর পর রিয়াকেই কাঠগড়ায় তুলেছে নেটিজেনদের একাংশ। পরে মাদক মামলাতেও নাম জড়ায় তাঁর। তার পর কেরিয়ারেও ভাটা। নতুন কোনও ছবিতেই আর নেই রিয়া। নেটিজেনদের একাংশের আবেগ মাথায় রেখে কোনও প্রযোজকই তাঁকে নিতে চাইছেন না বলে খবর। তবে রিয়ার কপাল খুলতে চলেছে। তবে বলিউডে নয়, টলিউডেই নতুন করে সম্ভবত শুরু হচ্ছে রিয়ার অভিনয়জীবন।
১ জুলাই নিজের জন্মদিনও সেলিব্রেট করেন রিয়া। ওই দিন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রযোজক রানা সরকার। তিনি টুইটে করেন,'শুভ জন্মদিন রিয়া। জীবন থেমে থাকে না। কলকাতায় আসো। আমাদের সঙ্গে যোগ দাও।' সেই সঙ্গে রিয়ার ছবি। আর একটি ইঙ্গিতবাহী বার্তা। যে ছবিতে লেখা,'জীবন রিহার্সাল নয়।'
রানার টুইটের পর প্রশ্ন ওঠে, তাহলে কি বাংলায় অভিষেক হচ্ছে রিয়ার?রানা এ খবর গোপন করেননি। সংবাদ মাধ্যমে তিনি জানান,'আগামী ছবির জন্য রিয়ার সঙ্গে যোগাযোগ করেছি। দু'দিন হয়েছে। এখনও চূড়ান্ত হয়নি। আমি মনে হয়, ওঁর কোনও দোষ ছিল না। মুম্বইয়ে তো কাজ পাচ্ছে না। কলকাতায় ছবি করতেই পারে।'বাঙালি মেয়ে বলে রিয়া কথা ভাবছেন, তা-ও স্পষ্ট করেছেন রানা।
এদিকে, রিয়ার হাতে কাজ নেই। হাতেগোনা ডিজাইনারদের সঙ্গে ফটোশ্যুট করছেন। দিন কয়েক আগে তাঁর হাতে চিত্রনাট্য দেখা গিয়েছে। সেটা টলিউডের রানার কিনা তা স্পষ্ট নয়। বলে রাখি, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর রিয়াকে নিয়ে শুরু হয়েছি বিতর্ক। মাদক মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। নেট মাধ্যমে তাঁকেই অভিনেতার মৃত্যুর জন্য দায়ী করা হয়। সেই সঙ্গে নানা অপবাদ, নিন্দেও জোটে রিয়ার।