
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার পরিবারে খুশির আবহ। আইনি বিয়ে সারলেন অভিনেত্রীর দিদি ঐশ্বর্য শর্মা। মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ঐশ্বর্য আংটি বদল ও আইনি বিয়ে সেরে নিলেন। বোন ঐন্দ্রিলার ছবির সামনেই নতুন জীবনে পা দিলেন দিদি ঐশ্বর্য। এদিন উপস্থিত ছিলেন ঐন্দ্রিলার একদা প্রেমিক তথা অভিনেতা সব্যসাচী চৌধুরী। ঐন্দ্রিলা মারা গেলেও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে দিয়েছেন সব্যসাচী।
সাদা শার্ট ডেনিম প্যান্ট পরে ঢুকতেই ঐন্দ্রিলার দুই পোষ্য তোজো, বোজো দৌড়ে আসে। সব্যসাচীকে আদরে ভরিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন ভাইরাল। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পর স্বাভাবিক জীবনেও ফিরে এসেছিলেন। কিন্তু ২০২২ সালের শেষদিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। সব্যসাচী সেই সময় দিনরাত হাসপাতালেই পড়ে থাকতেন। ঐন্দ্রিলাকে না নিয়ে তিনি ফিরবেন না, এমন পণ করেছিলেন। কিন্তু নিজের কাছে করা সেই পণ রাখতে পারলেন না। ওই বছর ২০ নভেম্বর ঐন্দ্রিলার মৃত্যু হয়।
ঐন্দ্রিলার মৃত্যুর পর সব্যসাচী সহ অভিনেত্রীর পরিবারও খুবই ভেঙে পড়েছিলেন। কিন্তু সবাইকে স্বাভাবিক জীবনে ফিরতে হবেই। অভিনেত্রীর পরিবারও যেমন স্বাভাবিক ছন্দে ফিরেছেন, সব্যসাচীও শুরু করেছেন কাজ। মঙ্গলবার অর্থাৎ ৩ ফেব্রুয়ারি বোনের ছবি সামনে রেখে আইনি বিয়ে সেরেছেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য। পাত্র দিব্যজি়ৎ দত্ত-ও পেশায় ডাক্তার। মঙ্গলবার রাতে সাদা শার্ট, ব্লু ডেনিমে ঐশ্বর্যর বিয়ের আসরে হাজির হন সব্যসাচী। দীর্ঘদিন পর তাঁকে দেখা গেল চেনা মেজাজে। অভিনেতাকে দেখেই তাঁর দিকে ছুটে যায় ঐন্দ্রিলার দুই পোষ্য। বেশ কিছুক্ষণ তোজো-বোজোকে নিয়েই কাটান সব্যসাচী। সব্যসাচীর সঙ্গে কথা বলেন শর্মা পরিবারের আত্মীয়রা।
সংবাদমাধ্যমকে ঐশ্বর্য জানিয়েছেন যে বোন বেঁচে থাকলে ওর বিয়েটাই আগে হত সব্যসাচীর সঙ্গে। তাঁর বিয়ে নিয়ে সব প্ল্যান ছিল ঐন্দ্রিলার। কিন্তু এখন পরিস্থিতি আর সেরকম নেই। প্রয়াত অভিনেত্রীর দিদি ঐশ্বর্যা পেশায় চিকিৎসক। তিনি ‘ইএনটি’ নিয়ে ‘এমএস’ করছেন। তাঁর স্বামী দিব্যজি়ৎ দত্ত একই পেশার মানুষ। বহু বছর ধরে চেনাজানা, ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমেই হবু স্বামীর সঙ্গে কথাবার্তা শুরু। এ বার বিয়ের পিঁড়িতে তাঁরা।