
ভোট ঘোষণার পর থেকেই সবার নজর ছিল তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার দিকে। কারণ বহুদিন ধরেই শোনা যাচ্ছিল যে এই বছরের নির্বাচনে তৃণমূলের টিকিট পেতে চলেছেন গায়িকা ইমন চক্রবর্তী। হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্রী হয়ে উঠেছিলেন গায়িকা। শোনা যাচ্ছিল যে উত্তরপাড়া থেকে কাঞ্চন মল্লিকের পরিবর্তে টিকিট পেতে পারেন ইমন। কিন্তু মঙ্গলবার তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পর দেখা গেল উত্তরপাড়া থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন অন্যজন। ইমন চক্রবর্তী টিকিট পাননি।
জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গায়িকার কাছে প্রস্তাব গিয়েছিল ভোটের টিকিট নেওয়ার। কিন্তু গায়িকা নাকি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি বিধানসভা নির্বাচনে লড়বেন না। এবার সোশ্যাল মিডিয়ায় ইমন পোস্ট করে নিজেই সব জল্পনার অবসান ঘটালেন। গায়িকা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে মঙ্গলবার একটি পোস্ট করে লেখেন, বিগত কয়েকমাস ধরে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছিলেন। এই যেমন উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জমতলা ইত্যাদি। কেউ কেউ আবার কেওড়াতলাতেও নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন। গায়িকা আরও লেখেন, এবার আপনাদের কাছে করজোড়ে একটি বিনীত অনুরোধ রাখছি প্লিজ, আমাকে এবার একটু নিজের পায়ে দাঁড়াতে দিন।
ইমন এবার বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন, সেই জল্পনা বহুদিন ধরেই ছিল টলিপাড়ার অন্দরে। উত্তরপাড়া থেকে প্রার্থী হতে পারেন ইমন, এমন আলোচনা সব জায়গা থেকেই শোনা যাচ্ছিল। যদিও এই নিয়ে গায়িকা বারংবার নিজের কথাতেই অনড় ছিলেন যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়িকা এও জানিয়েছেন যে তাঁর গান করাটাই প্রথম প্রায়োরিটি। গানের ওপরই তিনি বেশি জোর দিয়েছেন।
উত্তরপাড়ায় বাম শিবিরের হয়ে ভোটে লড়ছেন মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তৃণমূলের টিকিট পেলেন কল্যাণ-পুত্র শীর্ষণ্য। টলিপাড়ার এত দিন জল্পনা ছিল, কাঞ্চন মল্লিক ভোটের টিকিট পাচ্ছেন না। উত্তরপাড়ায় ইমনকে প্রার্থী করার কথা ভেবেছিল দল, সে খবর ছড়িয়ে পড়েছিল। শেষ পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও, শোনা গিয়েছে যে গায়িকা নাকি সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিধানসভা নির্বাচনে লড়বেন না। যদিও মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহের পাত্রী তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে মাতৃসমা। কিছুদিন আগেও ট্রোল-কটাক্ষে বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে আবারও নেট দুনিয়ায় ফেরেন।