
তাঁরা প্রেম করছেন নাকি শুধুই বন্ধু, তা এঁদের রসায়ন দেখে বোঝার উপায় নেই। টেলিপাড়ায় প্রতীক সেন ও সোনামণি সাহার প্রেমের গুঞ্জন তুঙ্গে। একাধিক জায়গায় এঁদের একসঙ্গে দেখা গেলেও তাঁরা নিজেরা কখনও তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। সদ্য শেষ হয়েছে সোনামণির ধারাবাহিক 'শুভ বিবাহ', যেখানে তাঁকে এতদিন দর্শকেরা সুধার চরিত্রে প্রচুর ভালোবাসা দিয়েছেন। এই সিরিয়াল শেষ হতে না হতেই শোনা যাচ্ছে তাঁকে নতুন করে ফের দেখা যাবে পর্দায়। আর কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন কিছু শুরু হওয়ার খবর শোনা যাচ্ছে অভিনেত্রীকে নিয়ে।
বহুদিন ধরেই শোনা যাচ্ছে যে প্রতীক সেনের সঙ্গে নাকি খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন সোনামণি। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনই খোলামেলা আলোচনা করতে দেখা যায়নি এই জুটিকে। বরং নিজেদের ভাল বন্ধু বলেই সব সময় দাবি করে এসেছেন। যদিও সোনামণির সঙ্গে প্রতীকের পরিবারের সম্পর্ক খুবই ভাল। এই বছর টলিপাড়ার বেশ জুটি বিয়ে সেরে নিয়েছেন। তাই প্রতীক-সোনামণিকে নিয়েও বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।
এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে সোনামণি জানিয়েছেন যে শুভ বিবাহ-এর শ্যুটিং শেষ হলেও অভিনেত্রী কাজের মধ্যেই রয়েছেন। তিনি জানিয়েছেন যে টানা ১৪ ঘণ্টা শ্যুটিংয়ের চাপ না থাকলেও তিনি কাজের মধ্যেই রয়েছেন। একাধিক কাজের কথা এই মুহূর্তে চলছে। কিন্তু হঠাৎ করে বিয়ের গুঞ্জন কেন শোনা যাচ্ছে সোনামণি ও প্রতীকের? পর্দার সুধা জানিয়েছেন, বিয়ে হলে অবশ্য়ই সবাই জানতে পারবেন। এগুলো কি আর লুকিয়ে রাখা যায়। এখন আপাতত তিনি অন্যের বিয়ের ভোজ খেতে চান।
এরই মধ্যে দর্শকের আলোচনা, ‘আমাদের দাদামণি’ ধারাবাহিকেই অন্য ভাবে দেখা যাবে সোনামণিকে। অভিনেত্রী বলেন, একটা পোস্ট করেছিলাম সোশ্যাল মিডিয়ায়। সেখানে প্রতীক একটা মন্তব্য করে। ব্যস, সেটা পড়েই নানা ধরনের ভাবনা তৈরি হয়েছে। আসলে আমার আর প্রতীকের জুটিটা এখনও দর্শকের এতই পছন্দ। সেখান থেকেই এত জল্পনা তৈরি।
সোনামণি ও প্রতীককে একসঙ্গে মোহর সিরিয়ালে দেখা যায়। সেই সময় তাঁদের জুটি দর্শকদের ভীষণ প্রিয় ছিল। এরপর সোনাণির এক্কা দোক্কা ধারাবাহিকে মাঝপথে যোগ দেন প্রতীক, কেমিও হিসেবে। কিন্তু এতটাই জনপ্রিয়তা আসে যে, প্যারালাল লিড হয়ে যান সেই মেগায়। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি বাস্তবেও দেখা যেতে শুরু করে। মাঝে একে-অপরের সঙ্গে মান-অভিমান হলেও পরে তা দূর করে ফের কাছাকাছি আসেন তাঁরা। সোশ্যাল মিডিয়াতেও একসঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় তাঁদের। আমাদের দাদামণি সিরিয়ালে এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রতীককে। তবে এই জুটি কবে বিয়ের পিঁড়িতে বসছেন, এখন সেটাই দেখার।