
এক এক করে উইকেট পড়ছে টলিপাড়ায়। বছরের শুরু থেকেই ইন্ডাস্ট্রিতে বিয়ের ধুম। কত তারকাই সিঙ্গল থেকে মিঙ্গল হয়ে গেলেন। আর জানুয়ারির শেষবেলায় আচমকাই বিয়ে সারলেন অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়। যিনি একাধিক ওয়েব সিরিজে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। নিজেও নাটকের সঙ্গে যুক্ত আর বিয়েও করলেন নাট্যকর্মী দেবারতী চক্রবর্তীর সঙ্গে।
অনুজয় নিজেই তাঁর বিয়ের খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা তাঁর ও দেবারতীর ছবি পোস্ট করে লেখেন, সন্ধের ছবি এখনও পাইনি, তাই সকালের ছবি দিয়েই বলে যাই। আমি আর দেবারতি একটু বিয়ে করলাম। আর এই পোস্ট থেকেই জানা গেল যে অভিনেতা শুভ কাজটি খুব গোপনেই সেরে ফেলেছেন। জানা যাচ্ছে অনুজয়-দেবারতির আলাপ নাটকের মঞ্চ থেকেই। তারপর বন্ধুত্ব আর সেই বন্ধুত্ব পরিণতি পায় প্রথমে প্রেম আর এখন বিয়েতে।
বড়পর্দা থেকে সিরিজ দুনিয়ার চেনা মুখ অনুজয়। বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে কম প্রশংসা পান না। নেগেটিভ থেকে ইতিবাচক সব চরিত্রেই অনুজয় সাবলীল। হইচই-এর থ্রিলার সিরিজ 'কালরাত্রী ২'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও এখন তাঁকে দেখা গিয়েছে সদ্য মুক্তি পাওয়া সিরিজ 'নিকষছায়া ২'-এ। বড়পর্দায় মুক্তি পেয়েছে চন্দ্রাশিস রায়ের পরিচালনায় 'বিজয়নগরের হীরে'। কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির এই নতুন ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল অনুজয়কে। প্রতিটা চরিত্রকে নতুনভাবেই পরিবেশন করেন অনুজয়।
একেবারে ঘরোয়াভাবেই বিয়ে সারেন অনুজয় ও দেবারতী। খুব কাছের মানুষদের নিয়েই ঘরোয়া আয়োজনে হয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠান। খুব একটা জাঁকজমক করে বিয়ে করাতে বিশ্বাসী নন তাঁরা। নিজেরাও বিয়েতে খুব ছিমছামভাবেই সেজেছেন। নতুন জীবনের শুরুটা যে একান্তেই উদযাপন করেছেন তাঁরা, তা বোঝাই যাচ্ছে। অনেক বছরের প্রেম অনুজয় ও দেবারতীর। নাটকের পাশাপাশি দেবারতী শিক্ষকতা করেন প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ে। অনুজয় নিজেও নাটকের সঙ্গে যুক্ত রয়েছেন। অনুজয় ও দেবারতীর বিয়েতে হাজির ছিলেন টলিপাড়ার বেশ কিছু চেনা মুখ।