
এই বছরের বড় চমক 'দেশু৭'। পুজোতেই দেব-শুভশ্রী জুটির ম্যাজিক দেখা যাবে। বহু আগে থেকেই এই ছবির টিকিট বিক্রি হয়ে গিয়েছে। চলছে অন্যান্য কাজও। ২০২৬-এর গোড়াতেই দেব ঘোষণা করেন 'ধূমকেতু'র পর আবারও দেব-শুভশ্রী বড়পর্দায় ফিরছেন। আর এই নিয়ে দর্শকদের মধ্যে স্বাভাবিকভাবেই উন্মাদনা তুঙ্গে। যদিও দেব-শুভশ্রীর এই ছবির নাম কী, কেমনই বা চিত্রনাট্য হবে, তা কিছুই জানা নেই। এবার দেব নিজেই তাঁর ও শুভশ্রীর ছবির কী নাম হতে পারে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই পরামর্শ চাইলেন।
আসলে দেশু৭-এর নাম কী হবে, তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। তবে এবার সেই দায়িত্ব দেব তাঁর ভক্তদের ওপরই ছাড়লেন। সোমবার দেব তাঁর সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করে লেখেন, ‘আমরা আমাদের আসন্ন ছবি #DeSu7-এর জন্য একটি শিরোনাম খুঁজছি। আপনারা পরামর্শ দিন। আপনাদের মতামত পেলে ভালো লাগবে।’ আর নায়কের এই আবেদনে সাড়া দিয়ে অনুরাগীরাও দেশু৭-এর একাধিক নামের পরামর্শ দিলেন।
দেবের এই পোস্টে তাঁর ভক্ত-অনুরাগীরা একাধিক নামের পরামর্শ দিয়েছেন। কেউ নাম দিলেন সপ্তপদী, আবার কেউ বললেন আবার ফিরে এলে। আবার কেউ লিখলেন, যেহেতু এটা তোমাদের এটা ৭ নম্বর সিনেমা হতে চলেছে, তাই যদি এই নামটা দেওয়া যায়, সোহাগের সাত পা কেমন হত। আবার কেউ নাম দিলেন, জোড়াফুল-এক প্রেম কাহিনী, আবার কারোর মতে ছবির নাম হওয়া উচিত এমনি, যা দেব তাঁর ছবির ক্যাপশনে ব্যবহার করেন। যদিও এটা চ্যালেঞ্জ সিনেমার একটা সংলাপ। আবার কেউ জানালেন দেব ও শুভশ্রী মিলে নাম হোক দেবশ্রী। আবার কেউ লিখেছেন ছবির নাম রাজ চক্রবর্তী ঠিক করুন।
তবে শেষ পর্যন্ত দেব ভক্তদের অগুণিত নামের মধ্যে কোনও একটি নাম বেছে নেন নাকি অন্য নাম দেন সেটা পরবর্তী সময়েই বোঝা যাবে। গত বছর জুন জুলাই মাস নাগাদ, হঠাৎ করে দেব জানান ধূমকেতু ছবি রিলিজ করছে প্রায় দশ বছর পর। দেব শুভশ্রী জুটি ব্যাক করছে দশ বছর পর বড় পর্দায়। যে ছবির শুটিং শেষ হয়ে গিয়েছিল বছর দশেক আগে, তার পরবর্তী পোস্ট প্রোডাকশনের কাজ হওয়ার পর, গত বছর ধুমকেতু আলোড়ন ফেলে সিনে দুনিয়ায়। দর্শকদের দাবি ছিল দেশু জুটি আবার ফিরুক। আর চলতি বছরের গোড়াতেই দেব ও শুভশ্রী দুজনেই তাঁদের একসঙ্গে বড়পর্দায় ফেরার খবর জানান।
এ বছরটা ছবি রিলিজের মধ্যেই কাটাবেন দেব। বাইক অ্যাম্বুলেন্স দাদা আসছে ১৫ অগাস্ট। টনিক টু আসছে এ বছরই। যে ভক্তরা খাদান ২ এর অপেক্ষায় ছিলেন, দেব জানিয়ে দেন তারা বড় আকারেই আসছেন। তাই ধৈর্য ধরতে হবে। পুজোতে আসছে দেশু৭। সব মিলিয়ে দেবের এই বছর দম ফেলার সুযোগ নেই।