
রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাসের পরিবারে আসতে চলেছে ছোট্ট অতিথি। সব ঠিক থাকলে এবছর অগাস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে বাবা- মা হবেন রাহুল- প্রীতি। হবু মায়ের সাত মাসের সাধভক্ষণ অনুষ্ঠান হল ধুমধাম করে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন তারকা জুটি। কমেন্ট বক্সে শুভেচ্ছা- ভালোবাসায় ভরাচ্ছেন সকলে।
সাধভক্ষণে টুকটুকে লাল শাড়িতে সেজেছিলেন প্রীতি। গা ভর্তি সোনার গয়না, খোঁপায় জুঁই ফুলের মালা ছিল হবু মায়ের। অন্যদিকে হবু বাবা রাহুলের পরনে হলুদ রঙা পাঞ্জাবিতে। এদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বহু তারকারাও। যিশু পত্নী- প্রযোজক নীলাঞ্জনাও হাজির হয়েছিলেন। এছাড়াও গিয়েছিলেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজন।
কিছুদিন আগে ম-টু-বির জন্য বেবি শাওয়ারের আয়োজন করেছিলেন বনি- কৌশানী। আসলে তারকা জুটির সঙ্গে রাহুল- প্রীতির বন্ধুত্ব যেন পারিবারিক। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেন প্রীতি। দুএকটি রেস্তরাঁতে আয়োজন করা হয়েছিল এই সাধভক্ষণ অনুষ্ঠানের। একেবারে বাঙালি পঞ্চব্যঞ্জনের আয়োজন ছিল। মেনুতে ছিল ভাত, লুচি, বাসন্তি পোলাও, ডাল, আলুর দম, মাছের পাতুরি, চিংড়ি মাছ, মাটন, মালপোয়া, সন্দেশ, দই সহ আরও অনেক কিছু।
'বালিঝড়' ধারাবাহিকে প্রীতিকে শেষ দেখা গিয়েছিল। মেগাটি শেষ হওয়ার পর বেশ কয়েক মাস কেটে গেছে। ফ্যানেদের অনেকেই জানতে চাইছিলেন, কেন অভিনয়ে ফিরছেন না তিনি? অবশেষে সেই উত্তর পাওয়া যায় কিছুদিন আগে। এই মুহূর্তে কাজের থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে প্রীতি বলেন, "সেপ্টেম্বর মাসে ডেট। সময়টা বেশ ভাল কাটছে। জীবনের খুব সুন্দর একটা মুহূর্ত এটা। মা হওয়ার এই বিশেষ মুহূর্তটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। একটু শারীরিক কষ্টও আছে। তবে মা হওয়ার আনন্দে সেই কষ্টগুলো কমিয়ে দেয়। শরীর খারাপ লাগলে একটাই কথা মনে হয়, আমার কষ্ট হচ্ছে হোক, তবে সন্তান যেন ভাল ভাবে জন্ম নেয়। সুস্থ সন্তান আলো দেখে পৃথিবীর। এটাই চাই এখন। মা হওয়ার যে আনন্দ- অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।"
প্রসঙ্গত, ২০১৭ সালে 'রং-রুট'-র সেটে রাহুলের সঙ্গে প্রথম আলাপ হয় প্রীতির। দীর্ঘদিন প্রেম করার পর ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস। কিছু মাস আগে স্টুডিওপাড়ায় রটেছিল সম্পর্কে ফাটল ধরেছে তাঁদের। যদিও সেই জল্পনা মিথ্যা বা ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন দু'জনেই। এখন সকলের অপেক্ষা, ছোট্ট অতিথির আগমনের।