
আলোচনায় থাকেন পরমব্রত চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী। গত নভেম্বর মাসে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে করেন পরমব্রত। বিয়ের পর কেটেছে সাতটা মাস। নিজের মতো করে গুছিয়ে সংসার করছেন জুটি। ১৬ অগাস্ট পিয়ার জন্মদিন। বিয়ের পরে প্রথম জন্মদিন, তাই স্বাভাবিকভাবেই একটু বাড়তি স্পেশাল দিনটা।
কিছুদিন আগেই পরমের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্টের মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন পিয়া। পিছিয়ে নেই পরমও। স্ত্রীয়ের জন্মদিনের সেরা উপহার তাঁকে দিলেন সকলের সামনেই। দারুণ খুশি বার্থডে গার্ল। কী ছিল সেই উপহারে?
পিয়ার জন্যে গিটার বাজিয়ে গান গাইলেন পরমব্রত। তাঁকে উদ্দেশ্য করেই গাইলেন 'মহীনের ঘোড়াগুলি'-র জনপ্রিয় গান 'শহরের উষ্ণতম দিনে'। সঙ্গে ক্যাপশনে লিখলেন, "মধ্যরাত পেরিয়ে গেছে… এটা তোমার জন্মদিন! আমি আপনাকে এই গানটি উপহার দিতে চাই… আমার গলা ওত ভাল না, প্র্যাকটিস করিনি… আশা করি এই অন্ধকার সময়ে এটা তোমায় কিছুটা আনন্দ দেবে। শুভ জন্মদিন 'লভ'- পিয়া। বন্ধু, প্রেমিক এবং পার্টনার হয়ে একে অপরের সঙ্গে ভালোবাসায় থাকার জন্য...।"
পরমের এই সুন্দর পোস্টটিতে মন্তব্য করেছেন পিয়া। তিনি লিখেছেন, "ধন্যবাদ পরমব্রত। সত্যি এটা দেখে আমার মনে আনন্দে ভরে উঠেছে।" এই পোস্টে পিয়াকে ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়েছেন বহু তারকা থেকে নেটিজেনরা।
মাস দুয়েক আগে বাংলাদেশে গিয়েছিলেন তারকা জুটি। ওপার বাংলার সংবাদমাধ্যমের তরফে দাম্পত্য জীবন নিয়ে নানা প্রশ্ন করা হয় পরমব্রতকে। কী কী বদল এসেছে অভিনেতা- পরিচালকের জীবনে? এপ্রসঙ্গে তিনি বলেন, "এতগুলো বছর আমার সঙ্গে তো কেউ ছিল না। আমি পুরোটাই স্বাবলম্বী, নিজের জিনিস নিজেই গুছিয়ে রাখি। গতকাল থেকে আমার এয়ারপড খুঁজে পাচ্ছিলাম না। আজ সকালে বউ আমাকে বলল, ওটা তো আমার ব্যাগে। আমিই তখন বুঝলাম আমার অভ্যাস নেই আসলে। রিফ্লেক্সেই কাজ করছে না, যে আমার সঙ্গে কেউ আছে যাকে কিছু রাখতে দেওয়া যায়। এটাই পরিবর্তন হয়েছে।"
নতুন জীবন প্রসঙ্গে পরম বলেন, "আমরা খুব বেশিদিনের বন্ধু ছিলাম না। কিছুদিনের বন্ধু ছিলাম, এরপর একে অপরের জীবনসঙ্গী হয়েছি। এতটা বয়সে বিয়ে করার পর আশা করি, আর এদিক ওদিক বা কোনও সমস্যা হবে না।"
পিয়ার হাতের রান্না খেয়েছেন পরম? এপ্রসঙ্গে তিনি বলেন, "আমার স্ত্রী খুব একটা রান্না করতে পছন্দ করেন না। রান্না করাই তার একমাত্র কাজ, সেটাও তিনি মনে করেন না। আর আমি রান্না খেতে ভালোবাসি, যারা ভাল রান্না করেন, তাঁদের। আর আমার বউ অন্য অনেক কাজ ভাল করেন। তিনি মনেও করেন না, তাঁকে রান্না করতেই হবে। কখনও খুব ইচ্ছে হলে করে। তবে খুব ভাল বেক করেন। ওঁর হাতে বানানো একটা কেক খেতে আমি খুব পছন্দ করি। আবার আমিও ভাল রান্না করি। আমার হাতের ডিমের ডালনা, ও খেতে খুব ভালোবাসে।
প্রসঙ্গত, বেশ কিছু বছর প্রেম করার পরে, ২০১৫ সালে সাত পাকে বাঁধা পড়েন অনুপম রায় ও পিয়া চক্রবর্তী। বিয়ের ৬ বছর পরে ২০২১ সালে যৌথ বিবৃতি নিয়ে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন তারকা জুটি। সে সময় কারণ হিসেবে উঠে আসে তৃতীয় ব্যক্তির নাম। শোনা যায়, প্রেমের সম্পর্কে জড়িয়েছে পরম-পিয়া। যদিও এরপর থেকে নিজেদের 'শুধু ভাল বন্ধু' হিসেবে পরিচয় দিয়েছিলেন দু'জনেই। তবে শেষমেশ সেই জল্পনাই সত্যি হয়।