
চলছে বিয়ের মরসুম। টলিপাড়াতেও একের পর এক তারকার বিয়ের পিঁড়িতে বসার খবর মিলছে। গত মাসে সানাই বেজেছে রায় বাড়িতে। চুপিসারে বিয়ে সেরেছেন সত্যজিৎ রায়ের নাতি। বান্ধবী সৃজাতার সঙ্গে আইনি বিয়ে সেরেছেন সন্দীপ রায় ও ললিতা রায়ের একমাত্র সন্তান- সৌরদীপ। প্রচারের আড়ালে থাকতে চেয়েছিলেন তাঁরা। এজন্যেই আইনী বিয়ের কথা অনেক পড়ে টের পেয়েছেন।
শুক্রবার শহরের এক অভিজাত ক্লাবে হল আয়োজন হয়েছিল রিসেপশন পার্টির। যেখানে উপস্থিত ছিলেন ইন্ডাট্রির কলাকুশলীরা। সপরিবারে হাজির ছিলেন সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, অনীক দত্তরা। মেনুতে ছিল পোলাও, তাওয়া ফিশ, আলুর দম, মাটন শিক কাবাব, চিংড়ির মালাইকারি ইত্যাদি। নব দম্পতির পছন্দের বিভিন্ন পদই বেছে নেওয়া হয়েছিল। রিসেপশনে সৌরদীপ পরেছিলেন ছিল কমলা রঙের পাঞ্জাবি ও সাদা ধুতি। সঙ্গে ছিল মানানসই নকশাকাটা চাদর। অন্যদিকে সৃজাতার পরনে ছিল বেগুনী রঙা শাড়ি। সঙ্গে ছিল মানানসই সোনার গয়না।
কীভাবে আলাপ হল সৌরদীপ- সৃজাতার? আসলে একসঙ্গে ইনটার্নশিপ করেছেন দু'জনে। একটি রেডিও চ্যানেলের কাজে সৌরদীপ গবেষণায় সহযোগিতা করেন। সৃজাতা সেখানে বেশ কিছু সাক্ষাৎকার নেন। সেখানেই আলাপ এবং ধীরে ধীরে গভীর বন্ধুত্ব। যা পরবর্তীকালে এগোয় সম্পর্কের দিকে। দীর্ঘ ১২ বছরের সম্পর্ক শেষমেশ পূর্ণতা পেল।
বেহালার বাসিন্দা ছিলেন সৃজাতা। বর্তমানে তারা সংসার পেতেছেন বিশপ লেফ্রয় রোডের বাড়িতে। তবে দুই বাড়িতেই সমান যাতায়াত রয়েছে সত্যজিতের নাতবউয়ের। বিয়ে হলেও, কর্ম ব্যস্ততার জন্যে এখনই মধুচন্দ্রিমায় যেতে পারছেন না নবদম্পতি। পরে সময়- সুযোগ করে যাবেন। তবে সংবাদমাধ্যমকে সন্দীপ পুত্র বলেন, "আমাদের শোরগোল ভাল লাগে না। ব্যক্তিগত ঘটনা ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম। তাই দুই পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছি। আলাদা করে কোনও অনুষ্ঠান হবে না।"
প্রসঙ্গত, প্রথমে স্থির চিত্রগ্রাহক হিসাবে কাজ শুরু করেন সৌরদীপ। সন্দীপের বহু ছবিতে সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। এখন পরিচালককে আরও নানা বিষয়ে সহযোগিতা করেন তিনি। সব ঠিক থাকলে আগামী মে মাসে আসবে সন্দীপের ছবি 'নয়ন রহস্য'। এই প্রোজেক্টের সঙ্গেও জড়িত রয়েছেন সৌরদীপ।