
নতুন নারীকেন্দ্রিক ছবি তৈরি হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতে। ছবিতে মুখে চরিত্রে রয়েছেন দুই তাবড় অভিনেত্রী। অর্জুন দত্তর আগামী ছবিতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ও পাওলি দাম (Paoli Dam) জুটিকে। ডার্ক কমেডি ঘরানার এই ছবির নাম 'বিবি পায়রা'। দীর্ঘ প্রায় এক দশক পরে, আবার একসঙ্গে কাজ করবেন স্বস্তিকা- পাওলি। এর আগে ২০১৫ সালে মৈনাক ভৌমিকের 'ফ্যামিলি অ্যালবাম'-এ একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন দু'জনে। সুমন মুখোপাধ্যায়ের 'অসমাপ্ত' (২০১৭) ছবিতেও তাঁরা ছিলেন, তবে একসঙ্গে নয়।
দু'জন সামাজিক ভাবে পিছিয়ে পড়া, পরনির্ভর মহিলা নিজেদের বিরূপ পরিস্থিতির মধ্যে দিয়েও নিজেদের জীবনে ভাল থাকার রাস্তা খুঁজে নেয়। নিজেদের ভাল থাকার এই অভিযানে অসংখ্য ঝুঁকির সম্মুখীন হয় তারা। নিজেরা তো ফাঁসেই , চারপাশে থাকা মানুষদেরও সমস্যায় ফেলে বারবার। কিন্তু এই ঝুঁকিপূর্ণ অভিযানে কি আদৌ সমস্ত বাধা পেরিয়ে ভাল থাকতে পারবে এই দু'জন? নাকি নিজেদের জালে নিজেরাই ফেঁসে যাবে? সেই গল্পই ফুটে উঠবে 'বিবি পায়রা'-তে।
এই ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অর্জুন ও আশীর্বাদ মৈত্র যৌথভাবে। স্বস্তিকার বিপরীতে থাকছেন অনির্বাণ চক্রবর্তী। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুব্রত দত্ত, অনিন্দ্য সেনগুপ্ত, অঙ্কিতা মাঝি, ভবানী মুখোপাধ্যায় ও লোকনাথ দের মতো শিল্পীদের। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন সুপ্রতিম ভোল। চলতি মাস থেকেই ফ্লোরে নামার পরিকল্পনা রয়েছে।
এর আগে অর্জুনের 'গুলদস্তা' ও 'শ্রীমতি' ছবিতে কাজ করেছেন স্বস্তিকা। অভিনেত্রী জানালেন, "গুলদস্তা ও শ্রীমতি-র পরে অর্জুনের সঙ্গে এটা আমার তৃতীয় কাজ এবং হ্যাটট্রিক করার জন্য এই ছবিতে আমার চরিত্রই সেরা। সেই সঙ্গে এত প্রতিভাবান অভিনেতাদের সঙ্গে কাজ করা একটা উপরইি পাওনা। জীবনের সমস্ত সংগ্রামের মধ্য দিয়ে আমাদের হাসতে শেখানো হয়েছে। কিন্তু আমরা কি সত্যিই খুশি? এই ছবিটি আমাদের তারই আভাস দেবে। আমার কেরিয়ারের এই সন্ধিক্ষণে, আমি এমন চরিত্রগুলি করার সুযোগ পাচ্ছি, যা আমি করতে চাই এবং আগে কখনও করিনি। আমি খুশি যে অর্জুন এটা নিয়ে আমার কাছে এসেছে। এই ছবি দর্শকদের ভাবতে বাধ্য করবে।"
পাওলি দামের কথায়, "প্রথমবার স্ক্রিপ্ট শুনেই আমি ভেবেছিলাম এই কাজটা করছি। এই ধরনের চরিত্র সব সময় পাওয়া যায় না। অর্জুনের এই ছবির অংশ হতে পেরে আমি খুশি।" অনির্বাণ চক্রবর্তী জানালেন, "এই প্রথম অর্জুনের সঙ্গে কাজ করছি। ওঁর আগের কাজগুলোর থেকে এই ছবিটার অ্যাপ্রোচ খুব আলাদা। স্ক্রিপ্ট শুনেই আমার ভাল লেগেছে। এই ধরনের চরিত্র আমি আগে করিনি। স্বস্তিকা, পাওলি, অনিন্দ্য, এদের সবার সঙ্গেই আলাদা আলাদা করে কাজ করেছি , কিন্তু একসঙ্গে এই প্রথম।" সুব্রত দত্ত বলেন,"এর আগেও কথা ছিল কাজ করব কিন্তু হয়ে উঠছিল না। সেই রকম দু'জন গুণী মানুষের সঙ্গে প্রথমবার কাজ করব এই ছবিতে। পরিচালক অর্জুন দত্ত এবং অভিনেত্রী পাওলি দামের কথা বলছি।"
'বিবি পায়রা' নিয়ে খুবই উৎসাহী অর্জুন দত্ত। পরিচালক বলেন, "এই ছবিটি একাধিক কারণে বিশেষ। শহরতলির প্রেক্ষাপটে তৈরি গল্প এবং এক দশক পরে স্বস্তিকা ও পাওলি একসঙ্গে কাজ করবেন। ইন্ডাস্ট্রির এই দুই অভিজ্ঞ অভিনেত্রীর পাশাপাশি অনির্বাণ, অনিন্দ্য এবং সুব্রতর মতো অভিনেতাদের কথা না বললেই নয়। আমি আমার প্রযোজক, মিঃ নন্দীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ এই বিষয়টিকে সমর্থন করার জন্য এবং খুব তাড়াতাড়ি কাজটা শুরু করব। আমি নিশ্চিত, দর্শকদের ভাল লাগবে ছবিটা।