
চিনের করোনা গ্রাফ যেভাবে বাড়ছে তা দেখে ফের একবার আতঙ্ক গ্রাস করেছে গোটা বিশ্বকে। চিনের পরিস্থিতি দেখে আগেভাগেই সতর্কতা অবলম্বন করেছে ভারত সরকার। সমস্ত রাজ্যের হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে (Corona Situation In India) প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া (Mansukh Mandaviya)। করোনা ঠেকানোর সবরকম ব্যবস্থা যেন থাকে তা খতিয়ে দেখবে কেন্দ্র। জানা গিয়েছে আজই হচ্ছে সেই ব্যবস্থা। করোনা ঠেকাতে রাজ্যগুলিতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, স্বাস্থ্য পরিষেবা কেমন, সরকারি ও বেসরকারি হাসপাতালগুলির কী অবস্থা, তা সরেজমিনে খতিয়ে দেখতে চালানো হবে নজরদারি।
কেন্দ্রের তরফে এই যে নজরদারির কর্মসূচি চালানো হবে তাকে বলা হচ্ছে 'মক ড্রিল'। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নিজে সকাল পৌনে ১০টা নাগাদ দিল্লির সফদরজঙ্গ হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখবেন। পাশাপাশি এদিন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) চিকিৎসকদের সঙ্গে বৈঠকও রয়েছে তাঁর।
যে বিষয়গুলি দেখা হবে মক ড্রিলে...
করোনা মোকাবিলায় (Corona Virus Prevention) হাসপাতাল ও নার্সিংহোমগুলির পরিস্থিতি কেমন, সেইসবই খতিয়ে দেখা হবে এই মক ড্রিলে। সেক্ষেত্রে জেলায় জেলায় স্বাস্থ্য পরিষেবা কেমন, করোনা আক্রান্তদের জন্য চিকিৎসার ব্যবস্থা কেমন, কোভিড টেস্ট কেমন হচ্ছে, সেগুলিও সরেজমিনে দেখা হবে। তাছাড়াও দেখা হবে, হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ডের হাল কেমন, আইসোলেশন বেড, অক্সিজেন বেড, আইসিইউ বেড ও ভেন্টিলেটর বেডের সংখ্যা। সঙ্কটজনক কোভিড রোগীদের জন্য ভেন্টিলেটর ও তরল অক্সিজেন কী পরিমাণে আছে,সেটিও দেখা হবে এই মক ড্রিলে।
এই কর্মসূচিতে, করোনা রোগীদের জন্য যাতে মেডিক্যাল অক্সিজেন ও চিকিৎসার পরিকাঠামো ঠিকঠাক থাকে সেই বিষয়ে জোর দিতে বলা হবে হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে। অক্সিজেন ট্যাঙ্কারগুলো যাতে পূর্ণ থাকতে সে দিকেও খেয়াল রাখতে বলা হবে। এছাড়া হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে রাখতে হবে অক্সিজেন কনসেন্ট্রেটরের, ভেন্টিলেটর, বাইপ্যাপ, এসপিও ২-সহ সমস্ত লাইফ সাপোর্ট সিস্টেম। পাশাপাশি চাহিদা মতো সরবরাহ করার জন্য অক্সিজেন কন্ট্রোল রুম তৈরি করতেও বলা হবে এই মক ড্রিলে।