
পেট্রল পাম্পে ধূমপান করতে বাধা দেওয়ায় ক্ষোভে লাইটার জ্বালিয়ে বাইকের ট্যাঙ্কে আগুন ধরিয়ে দিল এক যুবক। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে গোটা বাইকে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হলেও পাম্পকর্মীর তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের রায়পুর জেলার উরলা থানা এলাকায়। পুরো ঘটনাই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত প্রায় আটটা নাগাদ ধর্মেন্দ্র ক্ষত্রিয় ও ইমরান নামে দুই ব্যক্তি উরলার ‘সঙ্গীতা ফুয়েলস’ পেট্রল পাম্পে জ্বালানি ভরতে আসেন। ইমরান বাইকে বসে ছিলেন, আর ধর্মেন্দ্র দাঁড়িয়ে ছিলেন পাশে। ইমরান ট্যাঙ্কের ঢাকনা খুলতেই ধর্মেন্দ্র মুখে সিগারেট নিয়ে তা ধরানোর চেষ্টা করেন। ইমরান তাকে বাধা দিলে দু’জনের মধ্যে বচসা শুরু হয়।
অভিযোগ, সেই রাগেই ধর্মেন্দ্র লাইটার জ্বালিয়ে পেট্রল ভরার সময় পাইপের মুখে আগুন ধরিয়ে দেন। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পাম্পের মেশিন ও বাইকের ট্যাঙ্কে। পাম্প অপারেটর দ্রুত নোজলটি গাড়ি থেকে টেনে বের করেন। তবে জ্বলন্ত তেল ছিটকে ধর্মেন্দ্রর গায়েও পড়ে। এরপর তড়িঘড়ি প্রধান সুইচ বন্ধ করে অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার পর অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে পাম্পকর্মীরাই তাঁদের ধরে ফেলেন। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। উরলা থানার পরিদর্শক রোহিত মাহেলকর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগ এবং জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগে মামলা রুজু হয়েছে। দুই অভিযুক্তের বিরুদ্ধে পৃথকভাবে মামলা নথিভুক্ত করে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।