
বিকৃত। হাড়-হিম। এই ঘটনার আক্ষরিক অর্থেই বিশেষণ নেই। বন্ধুর গলার নলি কেটে সেই রক্ত পান করল বন্ধু। কর্নাটকের চিক্কাবাল্লাপুরের ঘটনা। সেই রক্তপানের ভিডিও করল আরেক বন্ধু।
বিরল অপরাধে বিস্মিত পুলিশ
ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল। ঘটনায় বিস্মিত পুলিশও। বন্ধুর গলা কেটে রক্তপান যে ব্যক্তি করছিল, তার নাম বিজয় বলে জানা গিয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিজয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল মরেশ নামে ওই ব্যক্তি। বিজয় ও মরেশ দীর্ঘদিনের বন্ধু। পরকীয়ার কথা জানতে পেরে মরেশের গলার নলি কেটে রক্ত খায় বিজয়। আরেক বন্ধুকে বলে ভিডিও রেকর্ড করতে।
ঠিক কী ঘটেছে?
কর্নাটকের চিক্কাবাল্লাপুরের বাসিন্দা বিজয়। মরেশ বিজয়ের দীর্ঘদিনের বন্ধু। মাস কয়েক আগে বিজয়ের সন্দেহ হয়। এই নিয়ে স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে বচসা হত বলেও জানা গিয়েছে প্রতিবেশীদের সূত্রে। কিন্তু কেউ ভাবতে পারেনি, এই সন্দেহের ফল এরকম মারাত্মক হতে পারে। বিজয় যে কতটা নৃশংস, তা ঠাওর করতে পারেননি কেউই। এমনকী বিজয় যে বন্ধুকে দিয়ে ভিডিও করিয়েছে বন্ধুর গলা কেটে রক্ত খাওয়ার, সেই বন্ধুটিও বিজয়কে পরামর্শ দিয়েছিল মরেশকে মেরে ফেলার।
ভ্যাম্পায়ারের মতো কাটা নলিতে মুখ রাখল বিজয়
সেই প্ল্যান মতো মরেশকে দেখা করতে বলে বিজয়। নানা কথা চলতে চলতেই শুরু হয় বচসা। বিজয় আগেই ক্ষুর রেখেছিল পকেটে। বচসা চলতে চলতেই ক্ষুরটি চালিয়ে দেয় মরেশের গলার নলিতে। ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করে। মরেশ ঘটনাস্থলেই এলিয়ে পড়ে। এরপর ভ্যাম্পায়ারের মতো মরেশের গলায় মুখ রেখে চুঁইয়ে পড়া রক্ত পান করতে শুরু করে বিজয়। বন্ধুকে বলে মোবাইলে ভিডিও করে ছড়িয়ে দিতে ইন্টারনেটে। ঘটনায় বিজয় ও তার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার পিছনে কোনও তান্ত্রিকের কুপরামর্শ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
তথ্য সৌজন্য: সাগায় রাজ, ইন্ডিয়া টুডে