
মহাত্মা গান্ধীর পছন্দের 'অ্যাবাইড উইথ মি'-এর সুর এবার শোনা যাবে না 'বিটিং দ্য রিট্রিট' অনুষ্ঠানে। এই খবর সামনে আসতেই দেশ জুড়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ‘অ্যাবাইড উইথ মি' মহাত্মা গান্ধীর এই প্রিয় গানটি প্রতি বছর ২৯ জানুয়ারির বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে বাজানোর চল রয়েছে৷ তবে ঐতিহ্যশালী সেই অনুষ্ঠান থেকে এবার বাদ পড়ল গানটি৷ ২০২২ সালের বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানের গানের তালিকায় রাখা হয়নি ‘অ্যাবাইড উইথ মি’৷ ২৯ জানুয়ারি গান্ধীজির মৃত্যুবার্ষিকীর দিনের আগে, বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানের পর 'অ্যাবাইড উইথ মি' স্তবের সুর শোনা যেত এতকাল। তবে ২০২২ সালে তা শোনা যাবে না। তবে এই প্রথম নয়৷ দু’বছর আগেও বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠান থেকে বাদ পড়েছিল মহাত্মা গান্ধীর এই প্রিয় গান৷ ২০২০ সালে এই সুরধ্বনি বাদ দেওয়া নিয়ে বিস্তর রাজনৈতিক তর্ক বিতর্ক চড়েছিল। এরপর ২০২২ সালে ফের একবার এই ঘটনা। এই নিয়েই এবার কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন।
ট্যুইটারে ও'ব্রায়েন বলেছেন, "কঠিন ভেবেছিলাম। আমি খুব কমই শুনেছি, যদিও কখনও কখনও গির্জা বা চ্যাপেলে অ্যাবাইড উইথ মি গানটি শুনেছি। সর্বদা প্রতি বছর দিল্লির রাজপথে বিটিং দ্য রিট্রিটের সুর শুনে এলেছি আমি স্কুলে থাকার সময় থেকে। কিন্তু তারপরে আপনি সুশাসন দিবসের নির্মাতাদের কাছ থেকে আর কী আশা করতে পারেন।"
প্রসঙ্গত, ১৯৫০ সাল থেকে প্রতি বছর বিজয় চকে প্রজাতন্ত্র দিবসের সমাপ্তি অনুষ্ঠানে বাজানো হয়ে থাকে ল ‘অ্যাবাইড উইথ মি’৷ কিন্তু ২০২০ সালে সেই নিয়মে ছেদ পড়ে৷ সেই সময় প্রতিরক্ষা মন্ত্রকের কর্তারা জানিয়েছিলেন, প্রতি বছরই বিটিং দ্য রিট্রিটের গানগুলি খতিয়ে দেখা হয়৷ নতুন গান যুক্ত করার চেষ্টা থাকে৷ যত বেশি সম্ভব ভারতীয় গান যুক্ত করার চেষ্টা করা হয়৷ এবারেও একই ব্যাখ্যা শোনা যাচ্ছে৷ এবারের বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানের জন্য তৈরি করা তালিকায় রাখা হয়েছে ২৬টি গান৷ রয়েছে ‘সারে যহা সে আচ্ছা’, নেই ‘অ্যাবাইড উইথ মি’৷ ১৮৪৭ সালে এই গানটি লেখেন স্কটিশ কবি হেনরি ফ্রান্সিস লাইত৷ সুর দেন উইলিয়াম হেনরি মঙ্ক৷
আমাদের দেশে প্রজাতন্ত্র দিবসের প্রায় এক সপ্তাহ ধরে চলা অনুষ্ঠান বিটিং রিট্রিটের মাধ্যমে শেষ হয়। আগে এই অনুষ্ঠান ২৪ জানুয়ারি থেকে শুরু হত। কিন্তু এবার ২৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে। নেতাজিকে স্যালুট জানতেই এই পদক্ষেপ।