
বেশিদিন নয়, গত সপ্তাহের ঘটনা। লোকসভায় আলোচনার সময় তৃণমূলকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদে দাঁড়িয়ে শাহ বলেছিলেন, বিরোধীদের খুন-ধর্ষণ করে ক্ষমতায় আসতে চাই না। এটা আমাদের সংস্কৃতি নয়। এই ঠিক এক সপ্তাহের মধ্যে ফের শাহের নিশানায় বাংলা ও তৃণমূল কংগ্রেস। বুধবার অমিত শাহ রাজ্য সভায় বলেন, ফ্যাসিস্ট শব্দের নতুন সংজ্ঞা তৈরি হয়েছে বাংলায়।
তৃণমূলকে তীব্র আক্রমণ শাহের
সংসদের উচ্চকক্ষে দাঁড়িয়ে অমিত শাহ অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে গিয়েছে। এই রাজ্যে আসলে প্রাণনাশেরও সম্ভাবনা আছে। তাঁর কথায়, বাংলায় কেউ যাবেন না। আইন শৃঙ্খলা নেই। ওখানে আমার এবং জে পি নাড্ডার গাড়িতে হামলা করা হয়েছিল। শাহের আরও দাবি, তাঁকে লক্ষ্য করে নাকি আগুনের গোলাও ছোড়া হয়েছিল। আর তাই তিনি প্রাণ নাশের আশঙ্কা করছেন।
বুধবার রাজ্যসভায় পাশ হয় অপরাধী শনাক্তকরণ বিল ২০২২। এই বিল পাশের সময়ই শাহ দাবি করেন আইনশৃঙ্খলা ভেঙে পড়ার বিষয়টি। আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং গুজরাতে তাঁদের কর্মীদের বিরুদ্ধে এফআইআর করা নিয়ে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন অমিত শাহ। এদিন তিনি বলেন, ‘এখন তো গুজরাতে গিয়েছেন। এফআইআর হয়েছে বলছেন। আমি তা বলতে পারব না। তবে বাংলায় গেলে তো প্রাণই চলে যাবে। সেখানে না যাওয়াই ভাল। ২০১৯ সালে ভোটের আগে আমি গেছিলাম। আমার রোডশোয়ে হামলা হয়েছিল। বিজেপির সর্বভারতীয় সভাপতির গাড়িতেও হামলা চালানো হয়েছিল। ফ্যাসিস্ট শব্দের নতুন সংজ্ঞা দিয়েছে বাংলার সরকার।’