
Indus Waters Treaty Suspended: জম্মু ও কাশ্মীরের কিশেনগঙ্গা ও রাটলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে হেগ-ভিত্তিক আন্তর্জাতিক সালিশি আদালতের (Court of Arbitration) দেওয়া তথাকথিত ‘সম্পূরক রায়’কে সরাসরি খারিজ করে দিল ভারত। সোমবার বিদেশমন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, সিন্ধু জলচুক্তি (Indus Waters Treaty) বর্তমানে স্থগিত থাকায় ওই চুক্তির আওতায় ভারতের কোনও বাধ্যবাধকতাই আর কার্যকর নয়।
বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “এই তথাকথিত সালিশি আদালত আইনত অবৈধ। এমন কোনও সংস্থার ভারতের সার্বভৌম অধিকারের উপর প্রশ্ন তোলার কোনও অধিকার নেই।” ভারত আরও জানিয়েছে, এই আদালতের অস্তিত্বই কখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি তারা।
‘চুক্তিভঙ্গির ফলেই এই আদালত’
ভারতের বক্তব্য, সিন্ধু জলচুক্তির শর্ত ভেঙেই এই আদালত গঠন করা হয়েছে। ফলে ওই আদালতের কোনও রায় বা নির্দেশ ভারতের কাছে সম্পূর্ণ বেআইনি ও অগ্রহণযোগ্য। উল্লেখ্য, আদালত ভারতকে ৯ ফেব্রুয়ারির মধ্যে দুই জলবিদ্যুৎ প্রকল্পের অপারেশনাল লগবুক জমা দিতে অথবা তা না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দিয়েছিল।
কেন বন্ধ জলতথ্য আদানপ্রদান
বিদেশমন্ত্রক জানিয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাসে পহেলগাঁও জঙ্গি হামলার পর সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়। তার পর থেকেই পাকিস্তানের সঙ্গে নদীর জলপ্রবাহ, বন্যার সতর্কতা, হিমবাহ গলার তথ্য-সহ বিভিন্ন হাইড্রোলজিক্যাল ডেটা ভাগ করা বন্ধ করেছে ভারত। এই তথ্য আদানপ্রদান চুক্তির বাধ্যতামূলক অংশ ছিল।ভারতের সাফ কথা, চুক্তি স্থগিত থাকলে আন্তর্জাতিক কোনও আদালতের নির্দেশ মানার প্রশ্নই ওঠে না। এই অবস্থানেই অনড় নয়াদিল্লি।