
পশ্চিমবঙ্গ সহ ভারতের একটি বড় অংশে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে দিল্লির মৌসম ভবন। IMD জানাচ্ছে, ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুত্ সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে উত্ত-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্য ভারতে। পশ্চিমি ঝঞ্ঝার জেরে উত্তর ইরানে ক্যাস্পিয়ান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার প্রভাবেই ঝড়-বৃষ্টি চলছে। এরই মধ্যে খবর আসছে, ২ এপ্রিল ফের একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হচ্ছে, যা উত্তর-পশ্চিম ভারতে হিট করবে।
পশ্চিমবঙ্গেও দফায় দফায় ঝড়, বৃষ্টি চলছে। আজও সেই পূর্বাভাস রয়েছে। অন্যদিকে জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড ও সিকিমেও তুষারপাত ও সর্বোচ্চ ৫০ কিমি বেগে হাওয়া বইতে পারে। সঙ্গে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
এখন প্রশ্ন হল, এপ্রিল মাসে কি ভারতে তাপপ্রবাহ বইতে পারে?
বেসরকারি হাওয়া অফিসগুলির পূর্বাভাস বলছে, এপ্রিলে ভারতে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। পশ্চিমি ঝঞ্ঝার জেরে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৫ ডিগ্রি কমও থাকতে পারে। এই পরিস্থিতি কমপক্ষে ১০ এপ্রিল পর্যন্ত চলবে। তাই তাপপ্রবাহের এখনই কোনও সতর্কবার্তা নেই।
পশ্চিমবঙ্গে বৃষ্টির কী পূর্বাভাস?
আগামী মঙ্গলবার বাংলার কয়েকটি জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে। জেলাগুলি হল, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর। মোদ্দা বিষয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। মঙ্গলবারের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে হাওয়া অফিস সূত্রের খবর। উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আজ অর্থাত্ সোমবার এবং বুধবার হলুদ সতর্কতা এবং মঙ্গলবারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ও হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং কালিম্পঙে।