Advertisement

'মদ রাখলে চাটও রাখা উচিত', জয়সলমেরে ঘর সাফ করে লিপস্টিক দিয়ে লিখে গেল চোর

আরও এক জায়গায় চোর লেখে, “রিপোর্ট কোরো না। তুমি আমাকে ভুলে যাও, আমিও তোমাকে ভুলে যাব।” এমনকি সে দাবি করে, বাড়ির মালিকের রান্না করা খাবার সে খেয়েছে এবং তা বেশ উপভোগ করেছে। ‘বাধ্য হয়ে প্রথমবার চুরি করতে হল’,এই কথাও লিখে যায় চোর। শেষে লিখে যায় একটি ‘ধন্যবাদ’।

'মদ রাখলে সঙ্গে চাটও রাখা উচিত', ঘর সাফ করে লিপস্টিক দিয়ে লিখে গেল চোর'মদ রাখলে সঙ্গে চাটও রাখা উচিত', ঘর সাফ করে লিপস্টিক দিয়ে লিখে গেল চোর
Aajtak Bangla
  • জয়সলমের,
  • 03 Feb 2026,
  • अपडेटेड 12:09 AM IST

রাজস্থানের জয়সলমের থেকে সামনে এল এক আজব চুরির ঘটনা, যা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। শহরের IGNP কলোনিতে সহকারী অভিযন্তা সোহন জাঙ্গিদের সরকারি আবাসনে রবিবার গভীর রাতে হানা দেয় চোর। সে সময় বাড়িটি ফাঁকা ছিল। তালা ভেঙে ভিতরে ঢুকে চোর একেবারে নিশ্চিন্তে ল্যাপটপ, টিভি, দামি পারফিউম, জামাকাপড়-সহ একাধিক জিনিস গুছিয়ে নিয়ে গোটা বাড়ি কার্যত খালি করে দেয়।

তবে চুরির থেকেও বেশি চমকে দিয়েছে চোরের ‘বার্তা’। ঘর ছাড়ার আগে সে লিপস্টিক দিয়ে দেওয়ালে লিখে যায়
“থানার চক্কর কাটলে সময় নষ্ট হবে, বিহারি বাবু।” এতেই শেষ নয়। একটি কাগজে কলম দিয়ে লেখা ছিল, “মদ রাখলে সঙ্গে আলুর চিপসও রাখা উচিত।”

আরও এক জায়গায় চোর লেখে, “রিপোর্ট কোরো না। তুমি আমাকে ভুলে যাও, আমিও তোমাকে ভুলে যাব।” এমনকি সে দাবি করে, বাড়ির মালিকের রান্না করা খাবার সে খেয়েছে এবং তা বেশ উপভোগ করেছে। ‘বাধ্য হয়ে প্রথমবার চুরি করতে হল’,এই কথাও লিখে যায় চোর। শেষে লিখে যায় একটি ‘ধন্যবাদ’।

আরও পড়ুন

চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত আধিকারিক সোহন জাঙ্গিদ জানান, ঘটনার সময় তিনি শহরের বাইরে ছিলেন। ফিরে এসে পুরো ঘর ফাঁকা দেখে চুরির বিষয়টি জানতে পারেন। চুরি যাওয়া সামগ্রীর তালিকা তিনি পুলিশের হাতে তুলে দিয়েছেন।

কোতোয়ালি থানার এসএইচও সূরজারাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, টিভি, ল্যাপটপ, শার্ট, কোট-সহ একাধিক মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। পাশাপাশি চোর দেওয়াল ও কাগজে নানা মন্তব্য লিখে রেখে গিয়েছে। মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে এবং শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বলে আশাবাদী পুলিশ।

এদিকে, এই চুরির ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। চোরের ‘সাহস’ ও অদ্ভুত রসবোধ দেখে অনেকেই হতবাক। যদিও পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বিষয়টিকে মোটেও হালকাভাবে দেখা হচ্ছে না। অভিনব হলেও, আইন অনুযায়ী কড়া পদক্ষেপই করা হবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement