
ছত্তিশগড়ের প্লান্টে চিমনি ভেঙে বিপর্যয়। আটক বহু। ইতিমধ্যেই একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে। সংখ্যাটা এখনও নিশ্চিত নয়। প্রশাসনের তরফে আটকদের উদ্ধারের কাজে হাত লাগানো হয়েছে।
পাওয়া খবরে জানা গিয়েছে, বৃহস্পতিবার ছত্তিশগড়ের মুঙ্গেলি জেলার নির্মাণাধীন কুসুম প্ল্যান্টে বিরাট দুর্ঘটনা ঘটে। চিমনি ধসে ২৫ জনেরও বেশি লোক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে। যার মধ্যে ৮ থেকে ৯ জনের মৃত্যুর সম্ভাবনার আশঙ্কা রয়েছে।
জানা গিয়েছে, একটি লোহার পাইপ তৈরির কারখানার নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রশাসনের টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং ধ্বংসস্তূপে আটকে পড়া লোকেদের উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাটি ঘটেছে সারগাঁও থানার রামবোদ এলাকায়। স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করেছে।
এখনও পর্যন্ত দুই আহত শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য বিলাসপুরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ধসে পড়া কাঠামোর নিচে আটকে পড়া বাকি শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য কর্মকর্তারা কাজ চালিয়ে যাচ্ছেন।