Advertisement

সম্পূর্ণ গুজব, দেশে লকডাউনের কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের : নির্মলা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে লকডাউন জারি করা হতে পারে, এমন গুজবের মধ্যে স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

Nirmala SitharamanNirmala Sitharaman
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 27 Mar 2026,
  • अपडेटेड 8:17 PM IST
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে লকডাউন জারি করা হতে পারে
  • এমন গুজবের মধ্যে স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে লকডাউন জারি করা হতে পারে, এমন গুজবের মধ্যে স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শুক্রবার রাজ্যসভায় তিনি জানিয়ে দেন, দেশে কোনওভাবেই লকডাউন জারির প্রস্তাব সরকারের বিবেচনায় নেই। একইসঙ্গে বিরোধীদের সমালোচনা করে তাঁর বার্তা, অযথা গুজব ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা উচিত নয়।

রাজ্যসভায় ২০২৬ সালের ফিনান্স বিল নিয়ে আলোচনার জবাব দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, 'দেশের মানুষকে অযথা ভয় পাইয়ে তোলার কোনও কারণ নেই। সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবে লকডাউনের কোনও পরিকল্পনা নেই।'

অর্থমন্ত্রী আরও জানান, বিশ্বের অনেক দেশ ইতিমধ্যেই জ্বালানির দাম ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। সেখানে ভারত এখনও পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে। এর পেছনে সরকারের সক্রিয় নীতিরই ভূমিকা রয়েছে বলে তিনি দাবি করেন।

উল্লেখযোগ্যভাবে, শুক্রবারই কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের ওপর উৎপাদন শুল্ক (excise duty) প্রতি লিটারে ১০ টাকা করে কমিয়েছে। এর ফলে তেল বিপণন সংস্থাগুলিকে (OMCs) মূল্যবৃদ্ধি না করার সুযোগ করে দেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপকে সাধারণ মানুষকে স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে। 

সম্প্রতি একটি ভিডিও থাম্বনেল ভাইরাল হয়েছিল। যেখানে দাবি করা হচ্ছিল, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ফের লকডাউন ঘোষণা করছেন। তারপরই হইচই পড়ে যায়। PIB Fact Check জানিয়ে দেয়, এই দাবি মিথ্যা। গুজব। সরকারের তরফে কোনওভাবেই লকডাউনের কথা বলা হয়নি। দেশে বর্তমানে লকডাউন জারি করার কোনও পরিকল্পনা নেই সরকারের।

এর আগে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীও জানিয়েছিলেন, লকডাউন সম্পর্কিত সব খবরই ভুয়ো। এমন কোনও সম্ভাবনা নেই। বলেন, 'আমি পরিষ্কার করে বলতে চাই, ভারত সরকার এমন কিছু নিয়ে ভাবনাচিন্তা করছে না। বর্তমান পরিস্থিতিতে আমাদের শান্ত এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আরও বেশি দায়িত্বশীল হতে হবে। আতঙ্ক বা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন সকলে।' 

Advertisement
Read more!
Advertisement
Advertisement