
নয়ডায় চাঞ্চল্যকর ঘটনা। একটি গাড়ির ভিতর থেকে উদ্ধার হল এক যুবক ও এক তরুণীর রক্তাক্ত দেহ। দু’জনেরই মাথায় গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তলও উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ৩৯ থানার অন্তর্গত এলাকায়। শনিবার বিকেলে একটি গাড়ির ভিতরে দু’জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। গাড়ি থেকে বিকট শব্দ শোনার কথাও জানান প্রত্যক্ষদর্শীরা। পরে এক ডেলিভারি কর্মী পুলিশে খবর দেন। পুলিশ এসে গাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে দু’জনের রক্তাক্ত দেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের হাতেই একটি পিস্তল ছিল। প্রাথমিক তদন্তে অনুমান, যুবকটি প্রথমে তরুণীকে গুলি করে এবং পরে নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে। যদিও গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে।
উদ্ধার হওয়া পরিচয়পত্র থেকে জানা যায়, মৃত যুবকের নাম সুমিত। তিনি দিল্লির ত্রিলোকপুরীর বাসিন্দা। তরুণীর নাম রেখা, তিনি নয়ডার সেক্টর-৫৮ থানার এলাকার বাসিন্দা। শুক্রবার সন্ধে থেকে দু’জনেই নিখোঁজ ছিলেন বলে পরিবার সূত্রে খবর। ইতিমধ্যে তাঁদের পরিবারকে ঘটনার কথা জানানো হয়েছে।
গাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল, যা প্রাথমিকভাবে পুলিশের অনুমানকে জোরদার করছে। তবে এটি খুন-আত্মহত্যা নাকি অন্য কোনও ষড়যন্ত্র, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।