Advertisement

'মজুতদারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিন, সাপ্লাই ব্যবস্থা রাখুন' মুখ্যমন্ত্রীদের বার্তা PM মোদীর

এদিনের বৈঠকে প্রধানমন্ত্রীর প্রধান লক্ষ্য ছিল দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থিতিশীলতা বজায় রাখা। বিশ্ববাজারে অস্থিরতা চললেও ভারতে যেন শক্তি নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং সরবরাহ শৃঙ্খল অটুট থাকে, সে বিষয়ে রাজ্যগুলিকে বিশেষ নজর দিতে বলেছেন তিনি।

প্রধানমন্ত্রী মোদীপ্রধানমন্ত্রী মোদী
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 27 Mar 2026,
  • अपडेटेड 10:55 PM IST

বিশ্ব রাজনীতির আঙিনায় মধ্যপ্রাচ্যের টালমাটাল পরিস্থিতি ও যুদ্ধের মেঘ ঘনিয়ে আসায় ভারতের অভ্যন্তরীণ নিরাপত্ত ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আগাম সতর্ক কেন্দ্র। শুক্রবার দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটন্যান্ট গভর্নরদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই বৈঠকে প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যকে ‘টিম ইন্ডিয়া’ হিসেবে কাজ করতে হবে। কোভিড অতিমারীর সময় যেভাবে সমন্বিত লড়াই হয়েছিল, এবারও ঠিক সেইভাবেই সতর্কতা, সমন্বয় এবং দ্রুত সাড়া দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি। গত ৩ মার্চ থেকেই একটি আন্তঃমন্ত্রক গোষ্ঠী প্রতিদিন পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিনের বৈঠকে প্রধানমন্ত্রীর প্রধান লক্ষ্য ছিল দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থিতিশীলতা বজায় রাখা। বিশ্ববাজারে অস্থিরতা চললেও ভারতে যেন শক্তি নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং সরবরাহ শৃঙ্খল অটুট থাকে, সে বিষয়ে রাজ্যগুলিকে বিশেষ নজর দিতে বলেছেন তিনি। উৎসবের মরসুম বা প্রতিকূল পরিস্থিতিতে একদল অসাধু ব্যবসায়ী মজুদদারি ও কালোবাজারির পথে হাঁটতে পারে, তাদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মোদী। রাজ্য ও জেলা স্তরে কন্ট্রোল রুম সক্রিয় করার পাশাপাশি গুজব ও ভুয়ো খবর রুখতেও প্রশাসনকে সজাগ থাকতে বলা হয়েছে। বিশেষ করে সীমান্ত ও উপকূলবর্তী রাজ্যগুলিকে জাহাজ চলাচল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের জোগানের বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

কৃষিপ্রধান ভারতের কথা মাথায় রেখে খারিফ মরসুমের আগে সার মজুত ও বণ্টনের বিষয়ে আগাম পরিকল্পনার কথা বলেছেন প্রধানমন্ত্রী, যাতে কৃষকদের কোনও সমস্যায় পড়তে না হয়। বিকল্প শক্তি হিসেবে সৌরবিদ্যুৎ, বায়োফুয়েল এবং বৈদ্যুতিক যানের প্রসার ঘটানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপরও তিনি জোর দিয়েছেন। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, পেট্রোল-ডিজেলের আবগারি শুল্ক হ্রাস এবং রান্নার গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে কেন্দ্র ইতিমধ্যেই কার্যকরী পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রীরা কেন্দ্রের এই উদ্যোগে আস্থা প্রকাশ করে জানিয়েছেন, বর্তমানে জ্বালানি ও খাদ্যশস্যের জোগান স্থিতিশীল রয়েছে। মধ্যপ্রাচ্যে বসবাসকারী ভারতীয়দের সহায়তার জন্য রাজ্যগুলিকে হেল্পলাইন খোলার অনুরোধও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement