
ভারতীয় বায়ুসেনার শক্তি বৃদ্ধিতে বড় পদক্ষেপ কেন্দ্রের। গত কয়েকমাস ধরেই জল্পনা চলছিল ফ্রান্স থেকে ১১৪টি রাফাল বিমান কেনার চুক্তি চূড়ান্ত করতে চলেছে নয়াদিল্লি। সূত্রের খবর সেই ডিলে শীঘ্রই আরও একটি সিলমোহর পড়তে চলেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে DAC আগামী কয়েকদিনের মধ্যে এই প্রস্তাব নিয়ে আলোচনায় বসবে। চলতি মাসের শেষের দিকেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতে আসছেন, তার ঠিক আগে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
বিশেষ বিষয় হল ১১৪টি রাফাল কেনার এই প্রস্তাব ইতিমধ্যেই গত মাসে ডিফেন্স বোর্ডের তরফে অনুমোদিত হয়ে গিয়েছে। এবার DAC অনুমোদনের পর, প্রযুক্তিগত এবং বাণিজ্যিক আলোচনা শুরু হবে। তার কয়েকমাস পরেই ফাইনাল হবে চুক্তি। যদি সবকিছু এই পরিকল্পনা অনুসারে চলে, তাহলে এটি হবে ভারতের বায়ুশক্তিকে আরও শক্তিশালী করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ।
৩.২৫ লক্ষ কোটি টাকার চুক্তি
প্রস্তাবিত এই রাফাল চুক্তির মোট আনুমানিক ব্যয় হতে পারে ৩.২৫ লক্ষ কোটি বা প্রায় ৩৬ বিলিয়ন ডলার। এই চুক্তির আওতায় মোট ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনা হবে। এর যার মধ্যে ১২ থেকে ১৮টি ফ্রান্স থেকে সরাসরি ভারতে আনা হবে। বাকি বিমানগুলি ভারতেই তৈরি করা হবে। ফলে সেই বিচারে দেখতে গেলে এটি মেক ইন ইন্ডিয়ার একটি উল্লেখযোগ্য সাফল্য।
সূত্রের দাবি, প্রায় ৮০ শতাংশ যুদ্ধবিমান দেশীয়ভাবে তৈরি করা হবে, যার মধ্যে ৬০ শতাংশ দেশীয় উপকরণে তৈরি হবে। এই ১১৪টি রাফাল জেটের মধ্যে ৮৮টি সিঙ্গেল সিটের বিমান থাকবে। বাকি ২৬টি থাকবে ডাবল সিটের রাফাল।
রাফাল হতে চলেছে গেম চেঞ্জার
ভারতীয় বিমান বাহিনী (IAF) বর্তমানে মাত্র ২৯-৩০টি ফাইটার স্কোয়াড্রন নিয়ে কাজ করে। যা অনুমোদিত ৪২টি স্কোয়াড্রনের চেয়ে অনেক কম। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, রাফালের আগমন ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি গেম-চেঞ্জার হতে চলেছে। এই যুদ্ধ বিমানটি উন্নত সেন্সর এবং মেটিওর এবং SCALP এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। এর নির্ভুল অ্যাটাক ও যুদ্ধক্ষেত্রের পারফরম্যান্স এটিকে অন্যতম সেরা যুদ্ধ বিমানে পরিণত করেছে। পশ্চিম ও উত্তর সীমান্তে টানা হুমকির মধ্যে রাফাল ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রধান শক্তি হিসেবে প্রমাণিত হবে বলে মনে করছেন প্রতিরক্ষাখাতের কৌশলীরা।