
এবার পুরীর মন্দিরে বোমা হামলার হুমকি! বুধবার এই খবরে চাঞ্চল্য ছড়াল ওড়িশা জুড়ে। সোশ্যাল মিডিয়ায় বোমা হামলার এই হুমকি পাওয়ার পরেই ৮০০ বছরেরও বেশি পুরনো ওই মন্দির ও চারপাশের এলাকায় কড়া করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই ঘটনায় অনলাইন পোস্টের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
পুরীর পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজ ঘিরে শুরু হয় বিতর্ক। সেই মেসেজে পুরীর জগন্নাথ মন্দিরে বোমা হামলার হুমকি দেওয়া হয়। পাশাপাশি, BJD-র রাজ্যসভার সাংসদ সুভাষিশ খুন্টিয়া এবং পুরী শহরের একটি শপিং কমপ্লেক্সে হামলার হুমকিও দেওয়া হয়।
যে মহিলার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে, তিনি এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, অজ্ঞাত কোনও ব্যক্তি তাঁর নাম ব্যবহার করে ভুয়ো ইউজার আইডি তৈরি করে এই পোস্ট করে আতঙ্ক ছড়িয়েছে। ওই মহিলার বক্তব্যের ভিত্তিতে, পুলিশ এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুরীর সাইবার থানায় একটি মামলা দায়েরও করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত চলছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "হুমকির পরেই মন্দির চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।"
অন্যদিকে সাংসদ সুভাষিশ খুন্টিয়া জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি পুরীর পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন তিনি। সুভাষিশ খুন্টিয়া পুলিশকে জানিয়েছেন, অজ্ঞাত এক ব্যক্তির থেকে তিনি একটি হুমকি ফোন কলও পেয়েছেন। পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, এর আগেও গত বছরের জুলাই মাসে পুরীর মন্দিরের দেওয়ালে হুমকি বার্তা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। কয়েকশো শতাব্দী প্রাচীন এই মন্দিরের দেওয়ালে ওড়িয়া এবং ইংরেজি ভাষায় লেখা ছিল, "জঙ্গিরা জগন্নাথ মন্দিরে আক্রমণ করবে। মন্দির গুঁড়িয়ে দেওয়া হবে।" বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও খোদাই করা ছিল বলে দাবি। সেই ঘটনার পরেও পুরীর মন্দিরের কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল।