
শিবাজি জয়ন্তীতে পুনেতে বড়সড় দুর্ঘটনা। শিবনেরি দুর্গে বেড়াতে গিয়ে পদপিষ্ট হলেন একাধিক পর্যটক। গুরুতর আহতের তালিকায় রয়েছেন মহিলা ও শিশুরা। ঐতিহাসিক এই সৌধে শিবাজী জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গিয়েই বিপদে পড়েন তারা। মাত্রাতিরিক্ত ভিড়ের জেরে পদপিষ্ট পরিস্থিতি তৈরি হয়।
বুধবার রাতে শিব জ্যোতি হাতে নিয়ে ওই দুর্গে প্রবেশ করেন একাধিক মানুষ। এছাড়াও বিভিন্ন সংগঠনের সদস্যপাও ভিড় জমিয়েছিলেন। এর জেরে দুর্গের মধ্যে কার্যত জনজোয়ারের সৃষ্টি হয়।
শিবনেরি দুর্গের উপর থেকে তোলা ভিডিওতে দেখা গিয়েছে, জনসমুদ্র তৈরি হয়েছিল শিবাজী জয়ন্তীর সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে। শিব জ্যোতি, গেরুয়া পতাকা হাতে মানুষ মাত্রাতিরিক্ত ভিড় ঠিক মতো এগোতেই পারছিলেন না। কিছুক্ষণের মধ্যেই ধাক্কাধাক্কি শুরু হয় যায়। অনেকেরই শ্বাসকষ্ট হচ্ছিল। বেরোনোর চেষ্টা করতে আরও হুড়োহুড়ি পড়ে যায়। দুর্গের ভগ্নদশা অংশগুলি বেয়ে ওঠার চেষ্টা করেন অনেকেই। আর সেটা করতে গিয়েই বিপত্তি বাধে। একাধিক ব্যক্তি নীচে পড়ে যান। একে অপরের ঘাড়ে হুমড়ি খেয়ে পড়ার জেরে পদপিষ্ট পরিস্থিতি তৈরি হয় দুর্গের মধ্যে।
কর্তৃপক্ষের তরফে একপ্রকার স্বীকার করে নেওয়া হয়েছে, পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল না বুধবার রাতে। পাশাপাশি তাঁরা অনুমান করতে পারেনি ভিড়ের মাত্রাও। একইসঙ্গে ঢোকা এবং বেরোনোর রাস্তা অত্যধিক সরু হওয়ায় সমস্যা তৈরি হয়। বিশেষত ওই দুর্গের অম্বরখানার নীচে হাতি দরজা এবং গণেশ দরজার সামনে ভিড় উপচে পড়েছিল। সেখানেই ঘটেছে এই দুর্ঘটনা।
তবে এমারেজেন্সি সার্ভিস দ্রুত ডাকা হয়। আহতদের নিকটবর্তী জুন্নার হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ জানাচ্ছে, গুরুতর আহতদের দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে।