Advertisement

ট্রাম্প শুল্ক কমাতেই বার্তা দিলেন মোদী, ভারত কতটা ট্যারিফ ছাড় দেবে?

সোমবার নয়াদিল্লিকে সুখবর শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার জন্য আনন্দ প্রকাশ করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ট্রাম্প শুল্ক কমাতেই বার্তা দিলেন মোদীট্রাম্প শুল্ক কমাতেই বার্তা দিলেন মোদী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 03 Feb 2026,
  • अपडेटेड 7:18 AM IST
  • সোমবার নয়াদিল্লিকে সুখবর শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে আলোচনার পর দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি ঘোষণা করা হয়েছে।
  • ভারত থেকে আমদানি করা পণ্যের উপর পারস্পরিক শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৮% করা হয়েছে।

সোমবার নয়াদিল্লিকে সুখবর শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার জন্য আনন্দ প্রকাশ করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে আলোচনার পর দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি ঘোষণা করা হয়েছে। এই পদক্ষেপ অর্থনৈতিক সহযোগিতা জোরদার করবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করবে। 

এর ঠিক আগেই ট্রাম্প ট্রুথসোশ্যাল-এ পোস্ট করে জানান, মোদীর অনুরোধে, আমেরিকা ভারত থেকে আমদানি করা পণ্যের উপর পারস্পরিক শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৮% করছে। তাৎক্ষণিক ভাবে এই নয়া শুল্ক লাগু করার কথা বলা হয়েছে।

ট্রাম্পের শুল্ক কমানোর ঘোষণায় আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, "আজ প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলে আনন্দিত হলাম। ভারতে উৎপাদিত পণ্যের উপর শুল্ক এখন ১৮ শতাংশে কমিয়ে আনা হবে জেনে আমি অত্যন্ত আনন্দিত। ভারতের ১.৪ বিলিয়ন মানুষের পক্ষ থেকে, এই চমৎকার ঘোষণার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ।"

মোদী আরও বলেন, "যখন দুটি প্রধান অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করে, তখন তা আমাদের জনগণের জন্যই উপকারী। একইসঙ্গে পারস্পরিকভাবে সহযোগিতার ক্ষেত্রেও বিশাল সুযোগ তৈরি করে।"

পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে মোদী বলেন, "বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তির জন্য ট্রাম্পের এই চেষ্টাকে ভারত পূর্ণ সমর্থন করে। আমি ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করা ও এই পার্টনারশিপকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে উন্মুখ হয়ে আছি।"

উল্লেখ্য এর আগে ভারতের উপর শুল্ক কমানোর ঘোষণা করার সময় ট্রাম্প বলেছিলেন, "আজ ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলা আমার জন্য সম্মানের। তিনি আমার সবচেয়ে কাছের বন্ধুদের একজন। আমরা বাণিজ্য এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর মতো অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে এবং আমেরিকা থেকে, এমনকি সম্ভবত ভেনেজুয়েলা থেকে আরও তেল কিনতে সম্মত হয়েছে। এই পদক্ষেপ ইউক্রেনে চলা যুদ্ধ বন্ধ করতে সাহায্য করবে।"

Advertisement

ভারতও শুল্ক কম করবে

ট্রাম্প পোস্টে আরও বলেছেন, "প্রধানমন্ত্রী মোদীর প্রতি বন্ধুত্ব এবং শ্রদ্ধার কারণে তাঁর অনুরোধে, আমরা আমেরিকা ও ভারতের মধ্যে একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছি। চুক্তির আওতায় আমেরিকা পারস্পরিক শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৮% করবে। একইভাবে, ভারতও আমেরিকার ক্ষেত্রে শুল্ক কমাতে সাহায্য করবে।"
 

 

Read more!
Advertisement
Advertisement