উত্তরাখণ্ডে ঐতিহাসিক ঘটনা! ঋষিকেশের পশুলোক ব্যারেজে সফলভাবে সি-প্লেন অবতরণের ট্রায়াল সম্পন্ন হয়েছে। সোমবার এই পরীক্ষামূলক অবতরণ ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দেরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দর থেকে উড়ান শুরু করে সন্ধ্যা ৬টা নাগাদ সি-প্লেনটি নির্দিষ্ট গন্তব্য পশুলোক ব্যারেজে নিরাপদে অবতরণ করে। এই গোটা প্রক্রিয়াটি পরিচালিত হয় উত্তরাখণ্ড জলবিদ্যুৎ নিগম লিমিটেড (UJVNL)-এর বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এবং রাজ্য প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে। অবতরণের আগে ও পরে সমস্ত প্রযুক্তিগত দিক খতিয়ে দেখা হয়, যাতে ভবিষ্যতে নিয়মিত পরিষেবা চালু করার ক্ষেত্রে কোনও সমস্যা না থাকে। পরীক্ষামূলক এই অবতরণকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সি-প্লেন একটি বড় ভূমিকা নিতে পারে। যেখানে সড়কপথে যাতায়াত সময়সাপেক্ষ এবং অনেক ক্ষেত্রে দুর্গম, সেখানে জলপথ ব্যবহার করে দ্রুত যাতায়াতের সুযোগ তৈরি হতে পারে। এই উদ্যোগ সফল হলে ঋষিকেশ-সহ রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্রেও সি-প্লেন পরিষেবা চালু করার সম্ভাবনা উজ্জ্বল।