
হিন্দু শাস্ত্রে দেবী অন্নপূর্ণা হলেন অন্ন, পুষ্টি, খাদ্যশস্যের অধিষ্ঠাত্রী দেবী। দেবী পার্বতীর একটি বিশেষ রূপ তিনি। তাঁর আবির্ভাবে জগৎসংসার অন্ন বা চাল লাভ করে। তিনিই বিশ্ববাসীর খিদে নিবারণ করেছেন, অভাব দূর করেছেন। 'অন্ন' মানে খাদ্য এবং 'পূর্ণা' অর্থাৎ যিনি ধারণ করেন, এই দুই মিলে দেবী অন্নপূর্ণা। দেবাদিদেব মহাদেবের ভিক্ষার ঝুলি যিনি অন্ন দ্বারা পরিপূর্ণ করেন তিনিই হলেন দেবী অন্নপূর্ণা। দেবী শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের ঝুলি পূর্ণ করেন না। দেবী অন্নপূর্ণা অন্নদাত্রী। দেবীর কৃপায় ঘুচে যায় সমস্ত অভাব, সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। আসুন জেনে নিন কবে এই অন্নপূর্ণা পুজো রয়েছে এবং তার পুরো নির্ঘণ্ট।
কবে অন্নপূর্ণা পুজো
চৈত্র মাসের শুক্লাষ্টমীতে কাশীতে দেবী অন্নপূর্ণা অবতীর্ণ হন। নিষ্ঠাভরে দেবীর আরাধনায় সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। আগামী ১১ চৈত্র, ২৬ মার্চ, বৃহস্পতিবার শ্রীশ্রী অন্নপূর্ণাপুজো।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অন্নপূর্ণার পুজোর দিনক্ষণ
অষ্টমী তিথি শুরু হচ্ছে ১০ চৈত্র। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৫ মার্চ, বুধবার, দুপুর ১টা ৫২ মিনিটে। অষ্টমী তিথি শেষ হচ্ছে ১১ চৈত্র বৃহস্পতিবার। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৬ মার্চ বৃহস্পতিবার, সকাল ১১টা ৪৯ মিনিটে।
নবমী তিথি শুরু
নবমী তিথি শুরু হচ্ছে ১১ চৈত্র বৃহস্পতিবার। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ২৬ মার্চ বৃহস্পতিবার, সকাল ১১টা ৫০ মিনিটে। নবমী তিথি শেষ হবে ১২ চৈত্র, শুক্রবার। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ২৭ মার্চ শুক্রবার, সকাল ১০টা ৭ মিনিটে। যেহেতু ঊষা পেলে সেই দিনটিকে মূল ধরা হয় এবং অষ্টমী তিথিতেই মূলত পূজিত হন দেবী অন্নপূর্ণা। তাই অন্নপূর্ণা পুজো পালিত হবে ২৬ মার্চ বা ১১ চৈত্র, বৃহস্পতিবার।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে অষ্টমী তিথি শুরু
বাংলা ক্যালেন্ডার অনুসারে ১০ চৈত্র। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ২৫ মার্চ, বুধবার, বিকেল ৪টে ৪৭ মিনিট ২৭ সেকেন্ডে। বাংলার ক্যালেন্ডার অনুযায়ী অষ্টমী তিথি শেষ হবে ১১ চৈত্র। ইংরেজি অনুযায়ী ২৬ মার্চ বৃহস্পতিবার, দুপুর ২টো ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে।
নবমী তিথি শুরু
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী নবমী তিথি শুরু হবে ১১ চৈত্র। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৬ মার্চ বৃহস্পতিবার, দুপুর ২টো ২৮ মিনিট ৫৫ সেকেন্ডে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী নবমী তিথি শেষ হবে ১২ চৈত্র শুক্রবার। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৭ মার্চ শুক্রবার, দুপুর ১২টা ২০ মিনিট ১৭ সেকেন্ডে।
সুতরাং গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারেও অষ্টমী তিথি ঊষা পাচ্ছে ১১ চৈত্র বা ২৬ মার্চ বৃহস্পতিবার। সেই দিন শুরু হবে অন্নপূর্ণা পুজো।
পৌরাণিক কাহিনী
দেবী অন্নপূর্ণা অন্নদাত্রী। দেবীর কৃপায় ঘুচে যায় সমস্ত অভাব, সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। পুরাণ মতে, দেবাদিদেবের সঙ্গে দেবী অন্নপূর্ণার মতবিরোধ হলে অন্নপূর্ণাদেবী কৈলাস ত্যাগ করেন। ফলে শুরু হয় খাদ্যের অভাব, ঘটে মহামারি। ভক্তগণকে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য দেবাদিদেব ভিক্ষার ঝুলি নিজের কাঁধে তুলে নেন। কিন্তু দেবীর মায়ায় ভিক্ষারও আকাল ঘটে, ভিক্ষা মেলে না। অবশেষে দেবাদিদেব শোনেন কাশীতে এক নারী সকলকে অন্নদান করছেন। দেবীকে চিনতে মহাদেবের একটুও দেরি হয় না। অবশেষে মহাদেব দেবীর কাছে ভিক্ষা গ্রহণ করে ভক্তগণকে মহামারি এবং খাদ্যাভাব থেকে রক্ষা করেন। তখন থেকেই অন্নপূর্ণা পুজোর শুরু।