
Vastu Shastra Colors For Home 2026: কথায় বলে, পরিষ্কার-পরিচ্ছন্নতা যেখানে লক্ষ্মীদেবীর বাস সেখানে। কিন্তু জানেন কি, শুধু সাফ-সুতরো রাখলেই হয় না, আপনার ঘরের দেওয়ালের রঙের ওপরেও নির্ভর করে পরিবারের শ্রী আর সমৃদ্ধি? বাস্তুশাস্ত্র বলছে, রঙের সঠিক নির্বাচন বাড়িতে পজিটিভ এনার্জি বয়ে আনে, যা দূর করে অশান্তি আর অর্থকষ্ট। আপনার ড্রয়িং রুম থেকে রান্নাঘর, কোন কোণে কোন রং ধরলে ফিরবে কপাল, জেনে নিন একনজরে।
শোবার ঘর ও বসার ঘর: বাস্তুবিদদের মতে, বাড়ির ‘মাস্টার বেডরুম’ হওয়া উচিত দক্ষিণ-পশ্চিম দিকে। এই ঘরের দেওয়ালে হালকা বেগুনি বা হালকা নীল রং করলে মনে শান্তি ফেরে। আবার অতিথিদের আপ্যায়নের জন্য ড্রয়িং রুম বা গেস্ট রুমের ক্ষেত্রে উত্তর-পশ্চিম দিকই প্রশস্ত। সেখানে সাদা রঙের ছোঁয়া থাকলে শুভ ফল মেলে দ্রুত। এমনকি শিশুদের ঘরের ক্ষেত্রেও উত্তর-পশ্চিম কোণ এবং সাদা রং ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
রান্নাঘর ও বাথরুম: হেঁশেল হলো অন্নপূর্ণার স্থান। তাই রান্নাঘরের দেওয়ালে কমলা বা লাল রঙের ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ লাল রং মা লক্ষ্মীর বড় প্রিয়। অন্যদিকে, বাথরুমের দেওয়াল হওয়া উচিত ধবধবে সাদা বা আকাশী নীল।
হলুদ ও সবুজের মহিমা: ভারতীয় সংস্কৃতিতে হলুদ রঙের গুরুত্ব অপরিসীম। বাস্তু মতে, বাড়ির মূল ঘরে হলুদ রং করলে মনে প্রশান্তি আসে। ঠিক তেমনই আর্থিক উন্নতির জন্য বাড়ির উত্তর দিকের দেওয়ালে সবুজ রং করান। মনে করা হয়, উত্তর দিক কুবেরের স্থান, তাই সেখানে সবুজের ছোঁয়া থাকলে টাকার অভাব হয় না। মোটের ওপর সাদা, হালকা গোলাপি বা আকাশী নীলের মতো হালকা রঙেই গৃহস্থের মঙ্গল লুকিয়ে রয়েছে।