
করোনাকালে একটি প্রকল্প শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। সেই প্রকল্পটি এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই প্রকল্পে কোনও গ্যারান্টি ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। যাঁরা ছোটখাটো চাকরি করেন কিংবা কোনও কারণে ব্যবসা শুরু করতে পারছেন না, বা কেউ ছোট ব্যবসা শুরু করতে চান, এই প্রকল্পটি তাঁদের জন্য। এই সরকারি প্রকল্পের নাম 'প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা'।
যাঁরা মূলত হকার এবং করোনা অতিমারিতে যাঁদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, এই প্রকল্পটি তাঁদের জন্য। দেশের এই ধরনের নাগরিকদের সাহায্য করার জন্য এই প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে এই প্রকল্পটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে।
৫০ হাজার টাকা পর্যন্ত লোন
৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এই প্রকল্পে। তবে ৫০ হাজার টাকার ঋণ নিতে গেলে প্রথমে আপনার বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে। এই প্রকল্পে প্রথমে ১০ হাজার টাকার ঋণ নিতে পারবেন। একবার সেই ঋণ পরিশোধ করতে দ্বিতীয় বার দ্বিগুণ পরিমাণে ঋণ নেওয়া যাবে।
কীভাবে ৫০ হাজার টাকা লোন নেবেন?
প্রথমে এই প্রকল্পের অধীনে ১০ হাজার টাকার ঋণ নিতে হবে। এরপর সেই ঋণ আপনাকে শোধ করতে হবে। তারপরে ২০ হাজার টাকার লোন নিতে পারবেন। একইরকম ভাবে তৃতীয় বার ৫০ হাজার টাকার লোন নেওয়ার সুযোগ পাওয়া যাবে।
সরকার ঋণের উপর ভর্তুকিও দেয়।
কোনও গ্যারান্টির দরকার নেই
এই প্রকল্পের আওতায় ঋণ নিলে কোনও গ্যারান্টির প্রয়োজন নেই। আবেদন অনুমোদিত হওয়ার পরে লোনের পরিমাণ ৩ বার অ্যাকাউন্টে স্থানান্তির হবে।
আধার কার্ড বাধ্যতামূলক
এই প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড থাকতেই হবে। আধার কার্ড থাকলেই এই প্রকল্পে সুবিধা নেওয়ার জন্য আবেদন করা যাবে। এই প্রকল্পে লোন নেওয়ার পর তা এক বছরের মধ্যে শোধ করতে পারবেন। যে কোনও সরকারি ব্যাঙ্কে আবেদন করা যাবে।