
ভারতীয় বাজারে কি সস্তা হতে পারে স্মার্টফোন। এই নিয়ে বাজেটে নজর রেখেছিলেন অ্যাপল আইফোন, স্যামসং, ভিভো সহ অন্যান্য সংস্থার ক্রেতা এবং বিক্রেতা উভয়ই। রবিবার নির্মলা সীতারামনের বাজেট পেশের পর জানা গেল, কিছুটা সস্তা হতে পারে স্মার্টফোন।
স্মার্টফোনের দাম কমবে কেন?
কেন্দ্রীয় বাজেট ২০২৬-এ সরকার মোবাইল ফোন তৈরিতে ব্যবহৃত একাধিক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের উপর শুল্ক কমানোর ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ব্যাটারি এবং উৎপাদন কারখানায় ব্যবহৃত কিছু মূলধনী সামগ্রী। শুল্ক কমায় ভারতে তৈরি ফোনের উৎপাদন খরচ কমবে, যার প্রভাব শেষ পর্যন্ত দামে পড়তে পারে।
এ ছাড়াও বিদেশ থেকে ফোন কিনলে ক্রেতাদের জন্য বড় ছাড় থাকতে পারে। ব্যক্তিগত লাগেজ হিসেবে ভারতে আনা শুল্কযোগ্য পণ্যের উপর কাস্টমস ডিউটি ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এর ফলে বিদেশ থেকে কেনা আইফোন বা স্যামসং গ্যালাক্সির মতো প্রিমিয়াম ফোন অনেকটাই সস্তা হবে।
দাম কমবেও প্রভাব কেন তাৎক্ষণিক?
কর ছাড়ের পরেও বিশ্বব্যাপী কিছু কারণ ফোনের দাম আহামরি কমবে না। বর্তমানে AI ডেটা সেন্টারের চাহিদা বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মেমারি চিপের ঘাটতি রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনে AI নির্ভর ফিচার বাড়ায় প্রসেসর আরও দামি হচ্ছে। পাশাপাশি বেশি RAM-এরও প্রয়োজন পড়ছে। এই পরিস্থিতিতে ফোন নির্মাতারা কর ছাড়ের সুবিধা সরাসরি দাম কমানোর বদলে যন্ত্রাংশের বাড়তি খরচ সামাল দিতে ব্যবহার করতে পারেন।
বাজেট ঘোষণার পর ২০২৬ সালে স্মার্টফোনের দাম কমার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ভারতে তৈরি মডেলগুলির ক্ষেত্রে। তবে এই দাম কমবে ধাপে ধাপে। রাতারাতি দামের পতন হওয়ার সম্ভাবনা কম।