
দাম বেড়ে গেল প্রিমিয়াম পেট্রোলের। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এই খবর মিলেছে। রিপোর্ট অনুযায়ী, প্রতি লিটারে প্রায় ২ থেকে ২.৩ টাকা পর্যন্ত দাম বেড়েছে প্রিমিয়াম পেট্রোলের ক্ষেত্রে। তবে স্বস্তির খবর, সাধারণ পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ দাম অপরিবর্তি থাকছে।
তেল বিপণন সংস্থাগুলির ডিলার সূত্রে জানা যাচ্ছে, দামবৃদ্ধি করা হয়েছে প্রিমিয়াম পেট্রোলের। যেমন ইন্ডিয়ান অয়েলের XP95 এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের 'পাওয়ার পেট্রোল'-এর মতো জ্বালানিতে এই দাম বৃদ্ধি কার্যকর হয়েছে। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কোথাও কোথাও এই বৃদ্ধি প্রায় ২.০৯ টাকা প্রতি লিটার পর্যন্ত হয়েছে। নতুন দাম কার্যকর হয়েছে ২০ মার্চ থেকে।
এই ধরনের প্রিমিয়াম পেট্রোল সাধারণত উচ্চক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের গাড়িতে ব্যবহৃত হয়। এগুলি উচ্চ অকটেন মাত্রার হওয়ায় ইঞ্জিনের পারফরম্যান্স উন্নত করে, জ্বালানি দক্ষতা বাড়ায়। ফলে সাধারণ গাড়ির তুলনায় এই ধরনের জ্বালানি ব্যবহারকারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পেলেও এখন তাঁদের খরচ কিছুটা বাড়বে।
অন্যদিকে, সাধারণ পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন না হওয়ায় বৃহত্তর সাধারণ মানুষের উপর এই মূল্যবৃদ্ধির প্রভাব খুব বেশি পড়বে না বলেই মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই দেশে সাধারণ জ্বালানির দাম স্থির রয়েছে, যদিও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা করছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার প্রভাব পড়ছে তেলের দামের উপর। ভারত যেহেতু তার অধিকাংশ অপরিশোধিত তেল আমদানি করে, তাই আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে এবং মুদ্রার ওঠানামা হলে তার প্রভাব দেশীয় বাজারেও পড়ে।
তবে যাঁরা নিয়মিত প্রিমিয়াম পেট্রোল ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে। যদিও এই বৃদ্ধি তুলনামূলকভাবে সীমিত, তবুও নিয়মিত ব্যবহারে তা খরচের উপর কিছুটা প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।