
BSNL-এ চাকরির সুযোগ। আগেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সংস্থা। তবে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে আবেদনের শেষ তারিখ বাড়ানো হয়েছে। ফলে আরও বেশি সংখ্যক প্রার্থী আবেদনের সুযোগ পাচ্ছেন। টেলিকম অপারেশনস এবং ফিন্যান্স; এই দুই গুরুত্বপূর্ণ কর্মী বিভাগে নিয়োগ করা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, সিনিয়র এগ্জ়িকিউটিভ ট্রেনি পদে মোট ১২০ জনকে নিয়োগ করা হবে। বেতনের কাঠামোও যথেষ্ট আকর্ষণীয়। প্রতি মাসে ২৪,৯০০ টাকা থেকে শুরু করে ৫০,৫০০ টাকা পর্যন্ত বেতন। আবেদনের লিঙ্ক: https://bsnlregistration.ibtexamination.com/App2O26_BSNL/
যোগ্যতার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রয়েছে। টেলিকম অপারেশনস বিভাগে আবেদন করতে হলে প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা আবশ্যক। অন্যদিকে, ফিন্যান্স বিভাগে আবেদন করতে চাইলে প্রার্থীকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। আবেদনকারীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলতে পারে। অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা এবং শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখুন।
কীভাবে আবেদন করবেন?
আবেদন প্রক্রিয়াও সম্পূর্ণ অনলাইন। প্রথমে সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। হোমপেজে প্রকাশিত সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সমস্ত তথ্য সঠিক ভাবে যাচাই করে জমা দেওয়াই বাঞ্ছনীয়, কারণ পরে কোনও সংশোধনের সুযোগ নাও থাকতে পারে।
আবেদনের সময়সীমা বাড়িয়ে ১৬ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের জন্য এটি অতিরিক্ত সুযোগ। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা পড়ার পর তা যাচাই করা হবে। উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ করা হবে।