
রাজ্য পাবলিক সার্ভিস কমিশন বা West Bengal Public Service Commission-এ নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া। লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে। রাজ্যের স্কুল শিক্ষা দফতরের অধীন State Council of Educational Research and Training-এ কর্মী নেওয়া হবে। সরকারি এই প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেতে আগ্রহীদের জন্য এটি একটি বড় সুযোগ বলেই মনে করছে শিক্ষামহল।
শূন্যপদ ও স্যালারি
জানা গিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদ মাত্র একটি। তবে বেতনের অঙ্ক যথেষ্ট আকর্ষণীয়। সিলেকশন হলে মাসে ৫৬,১০০ টাকা থেকে সর্বোচ্চ ১,৪৪,৩০০ টাকা পর্যন্ত স্যালারি পাবেন। সরকারি চাকরির স্থায়িত্ব এবং সুযোগ-সুবিধার কথা মাথায় রাখলে, এই পদটি নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। অর্থাৎ শুধুমাত্র ডিগ্রি থাকলেই চলবে না, বাস্তব কাজের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে নির্বাচন প্রক্রিয়ায়।
এ ছাড়াও ভাষাগত দক্ষতাও জরুরি। আবেদনকারীর বাংলা অথবা নেপালি ভাষায় সাবলীলতা থাকা প্রয়োজন। সেই সঙ্গে ইংরেজি ভাষায় দক্ষতাও বাধ্যতামূলক করা হয়েছে।
বয়সসীমা
এই পদের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ৩৬ বছর নির্ধারণ করা হয়েছে। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলতে পারে।
কীভাবে আবেদন করবেন?
আবেদন করতে হলে প্রার্থীদের সরাসরি West Bengal Public Service Commission-এর ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক পাওয়া যাবে। সেখানে দেওয়া নির্দেশিকা মেনে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদন করার সময় নির্দিষ্ট আবেদনমূল্যও জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৪ এপ্রিল ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সুযোগ হাতছাড়া হতে পারে বলে সতর্ক করেছে কমিশন।