
কলকাতায় চলছে ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২১। অনুষ্ঠানের দ্বিতীয় দিন মঞ্চ উত্তপ্ত হয়ে উঠল 'রাম ভার্সেস দুর্গা' নিয়ে বিতর্কে। এবারের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে। আর তাতে একটা বড় অংশ জুড়েই রয়েছে স্লোগান বিতর্ক। নেতাজির জন্ম জয়ন্তীতে দয় শ্রীরাম শুনে রেগে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বিজেপি শিবির তোপ দেগেছিল তৃণমূলনেত্রীকে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি দেবী দুর্গার পুজো করেন। বাংলার রাজনীতিতে এই যে রাম ও দুর্গার আগমন এটা নিয়েই শুক্রবার ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্টে শুরু হয়েছিল বিতর্ক। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি জানিয়ে দিলেন, রাম ও দুর্গার মধ্যে কোনও তুলনাই হয় না।
বিতর্কের শুরুতেই তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার গেরুয়া শিবিরের দিকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন। বিজেপিকে ভারতীয় জুমলা পার্টি বলে আক্রমম করেন কাকলি। হিন্দুদের অভিভাবক হিসাবে রাম কবে থেকে উঠে এল সেই প্রশ্নও তোলেন। তার জবাবেই দিলীপ দাবি করেন, দুর্গা ঈশ্বর আর রাম রক্ত মাংসের মানুষ। দেবী দুর্গার পুজো করেন রাম স্বয়ং। তাই দু'জনের কোনও তুলনাই চলে না। বাংলার ঘরে ঘরে রাম ও দুর্গার পুজো হলেও শান্তি ও সমৃদ্ধির কথআ বলতে রাম রাজ্যের কথাই বোঝায়। তাই গান্ধীজিও বলে গিয়েছেন রাম রাজ্যের কথা। তৃণমূল যতই রামকে বহিরগত বলুক না কেন, রাম চরিত মানস বহু বছর আগে বাংলাতেই রচিত হয়েছিল।
রাম রাজত্ব বলতে বিজেপি আইনের শাসন থাকা রাজ্যকেই বোঝাচ্ছে। যেখানে শান্তি-শৃ্ঙ্খলা থাকবে, প্রতিটি মানুষের রুজির ব্যবস্থা থাকবে। নিশ্চিন্তে কাটাতে পারবেন রাজ্যবাসী। আর সেই রামরাজ্য বাংলায় বিজেপিই একমাত্র দিতে পারে বলে দাবি দিলীপ ঘোষের। তাই দেবী দুর্গার সঙ্গে রামের কোনও তুলনাই চলে না বলে বিতর্ক মঞ্চে দাবি করেন দিলীপ। বিজেপি রাজ্য সভাপতির দুর্গা সম্পর্কে এই মন্তব্যে তীব্র আক্রমণ শানান কাকলি। হিন্দুত্বকে চ্যালেঞ্জ করছেন দিলীপ এমন অভিযোগও করেন। তবে দমবার পাত্র ছিলেন না বিজেপি রাজ্য সভাপতিও। তৃণমূলনেত্রী দুর্গার কথা বললেও এরাজ্যে দুর্গা পুজোর ভাষাণে বাধা দেয় তাদেরই সরকার। সেই বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন দিলীপ। তার কথায় রাজ্য সরকার দ্বিচারিতা করছে, নির্দিষ্ট সম্প্রদায়কে তোষনের রাজনীতি চালাচ্ছেন। তাই মুখে দেবী দুর্গার কথা বললেও তাকেও অপমান করতে ছাড়েন না তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই মহরমের জন্য ভাষাণ বন্ধ হয় দুর্গাপুজোয়, আদালতে গিয়ে যোগার করতে হয় গ্রিন সিগন্যাল। তাই রাম বনাম দুর্গা নয়, এই রাজ্যে আইনের শাসনের জন্য রাম রাজত্বই চাইছে গেরুয়া শিবির তা স্পষ্ট করে দেন বিলীপ ঘোষ।