
সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও একটি সভাস্থলের বিবাদের ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে সমর্থকদের মঞ্চের সামনে ভাঙচুর চালাতে এবং একে অপরের দিকে চেয়ার ছুড়তে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণকারী হুমায়ুন কবীরের বসিরহাটের সভায় একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে তাঁর সমর্থকরা।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “বসিরহাটের মাটিতে 'মুখ্যমন্ত্রী'র শপথ নেওয়ার প্রস্তুতি চলছে! কেউ হাসবেন না প্লিজ। গতকাল বসিরহাটে হবু মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরের জনসভা।” এই একই ভিডিও শেয়ার করে অপর একজন লিখেছেন, “গতকাল বিজেপি সমর্থিত হবু মুখ্যমন্ত্রী হুমায়ুনের বসিরহাটের জনসভায় চেয়ার খেলা” (সব বানান অপরিবর্তিত)
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি হুমায়ুন কবীরের সভার নয়, এমনকি সেটি ভারতের ঘটনাও নয়। বরং এটি ২০২৬ সালের ২৩ জানুয়ারি বাংলাদেশের কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বিএনপি প্রার্থী ফজলুর রহমানের নির্বাচনী পথসভায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের দৃশ্য।
সত্য উন্মোচন
ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণের সময় সেটির ফ্রেমের উপরে বাংলাদেশি সংবাদমাধ্যম Zoom Bangla-র একটি লোগো দেখতে পাওয়া যায়। উক্ত সূত্র ধরে ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সংবাদমাধ্যমটির অফিশিয়াল ফেসবুক পেজে অনুসন্ধান চালানো হয়। তখন ২০২৬ সালের ২৩ জানুয়ারি Zoom Bangla-র অফিশিয়াল ফেসবুক পেজে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। ভিডিও-র ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, “অষ্টগ্রামে বিএনপির নির্বাচনী জনসভা যেন এক চেয়ারযুদ্ধ!”
এরপর পরবর্তী অনুসন্ধান চালালে ভাইরাল ভিডিও-র স্ক্রিনশট-সহ একাধিক বাংলাদেশি সংবাদমাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৩ জানুয়ারি বিকালে বাংলাদেশের কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে কিশোরগঞ্জ ৪ নম্বর অসনের বিএনপি প্রার্থী ফজলুর রহমানের নির্বাচনী পথসভার আয়োজন করা হয়। তবে অসুস্থতার কারণে ফজলুর রহমান সভায় উপস্থিত থাকতে পারেননি। যদিও তাঁর অনুপস্থিতিতেই সভা কাজ চালিয়ে যাওয়া হয়। সভার শেষ পর্যায়ে কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে পৌঁছায়।
সেই সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে স্থানীয় ২ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে যুবদলে নেতাকর্মীরা। যা এক পর্যয়ে সংঘর্ষের আকার ধারণ করে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। যদিও এখানে উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি উত্তর ২৪ পরগণার বসিরহাটের মাওলানাবাগ দরবার শরীফে পীরজাদা খোবায়েব সঙ্গে বৈঠক করেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। তবে তিনি সেখানে কোনও সভা করেননি। পাশাপাশি, সম্প্রতি হুমায়ুন কবীরের কোনও সভায় এই ধরনের সংঘর্ষের ঘটনার খবর আমাদের অনুসন্ধানে পাওয়া যায়নি।
এর থেকে প্রমাণ হয় যে, বসিরহাটে হুমায়ুন কবীরের সভায় সমর্থকদের সংঘর্ষ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে বাংলাদেশের ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, বাবরি মসজিদ নির্মাণকারী হুমায়ুন কবীরের বসিরহাটের সভায় একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে তাঁর সমর্থকেরা।
ভিডিওটি বাংলাদেশের কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বিএনপি প্রার্থী ফজলুর রহমানের নির্বাচনী পথসভায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের দৃশ্য।