
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুমুল শোরগোল ফেলে দিয়েছে একটি ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি সরু পাহাড়ি রাস্তায় একটি গাড়িকে সুনিপুণভাবে ইউ-টার্ন করাচ্ছেন এক ড্রাইভার। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এই পাহাড়ি রাস্তার নীচে গভীর খাদ রয়েছে। আর এই অবস্থাতেই এমন ঝুঁকি নিয়ে এই কাজ করে দেখিয়েছেন এই গাড়ি চালক।
'এখন ভারত' নামক একটি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, "চাকা ঝুলছে খাদে, দক্ষ হাতে পাহাড়ি রাস্তায় গাড়ি ১৮০ ডিগ্রি ঘোরালেন চালক।" এই একই ভিডিও 'বেঙ্গল লাইভ' নামের একটি ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওটি প্রকাশ করে কণ্ঠশিল্পীকে বলতে শোনা যাচ্ছে, "আনুমানিক ৪ ফুটের একটি রাস্তা, একপাশে পাহাড়। আরেকপাশে গভীর খাদ। নীচে পড়লে কোনও চিহ্ন পাওয়া যাবে না।"
প্রতিবেদন লেখার সময় পর্যন্ত 'এখন ভারত' নামক চ্যানেল থেকে ভিডিওটি প্রায় ১ কোটি মানুষ দেখেছেন, ৭২ হাজারের বেশি মানুষ ভিডিওটি শেয়ার করেছেন। আরেকটি চ্যানেলে প্রকাশ পাওয়া ভিডিওটিও প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে।
ইন্ডিয়া-টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল হওয়া ভিডিওর সঙ্গে যে দাবি করা হয়েছে তা বিভ্রান্তিকর। অন্য একটি ক্যামেরায় যখন একই ঘটনা ধরা পড়ে তখনই গোটা বিষয়টির রহস্য উন্মোচন হয়। বোঝা যায় যে সরু রাস্তার কিনারে আদৌ খাদ ছিল না।
ইনভিড টুলের সাহায্যে ভাইরাল ভিডিওটির স্ক্রিনশট সংগ্রহ করে তার রিভার্স ইমেজ সার্চ করে আমরা অন্য একটি ভিডিও খুঁজে পাই। ড্রাইভিং স্কিল নামক একটি ইউটিউব চ্যানেল থেকে ২০২১ সালের ২৫ ডিসেম্বর ভিডিওটি পোস্ট করা হয়েছিল। কীভাবে সরু রাস্তায় ইউ-টার্ন করা সম্ভব তা নিয়ে এই ভিডিওটি প্রশিক্ষণমূলক উদ্দেশ্যে তৈরি করা হয়। সেখানেও এমনটা লেখা ছিল না যে খাদের ধারে এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে।
ভিডিওটির বিবরণ অনুযায়ী, ওই বছর অক্টোবর মাসে হংকং-এ এই ভিডিওটি রেকর্ড করা হয়। সেই বিবরণ থেকে কিওয়ার্ড সার্চের মাধ্যমে ওই একই প্রশিক্ষণের আরেকটি ভিডিও আমরা খুঁজে পাই। কিন্তু এই ভিডিওটি উল্টো দিক থেকে ক্যামেরা-বন্দি করা হয়েছিল। এই ভিডিওটি পরিষ্কার দেখা যাচ্ছে, যে সরু রাস্তায় গাড়িটি ইউ-টার্ন করা হয়েছে, তার নীচেই আরেকটি পাহাড়ি রাস্তা রয়েছে।
দ্বিতীয় অ্যাঙ্গেল থেকে রেকর্ড করা ভিডিওতে দেখা যাচ্ছে, যেখানে রাস্তাটি ইউ-টার্ন করা হচ্ছে সেটি সরু হলেও তার দু-পাশে পর্যাপ্ত জায়গা রয়েছে, এবং নীচে কোনও খাদও নেই। একচুল এদিক-ওদিক হলে গাড়িটি খাদে পড়ে যাবে, এমন দাবি একেবারেই সত্যি নয়। নীচের রাস্তাতেই অন্যান্য গাড়ি, বাইক এবং মানুষজন দেখা যাচ্ছে। যদিও ভিডিওটি হংকং-এর কোথায় রেকর্ড করা হয়েছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।
সুতরাং এ কথা বলাই যায় যে ভাইরাল ভিডিও-সহ যে দাবি করা হচ্ছে যে খাদের ধারে এই ইউ-টার্ন নেওয়া হয়েছে, তা আসলে বিভ্রান্তিকর।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে চালক একটি গাড়ি ইউ-টার্ন করছেন যার চাকা খাদে ঝুলছে। এমন রাস্তায় দক্ষ হাতে ১৮০ ডিগ্রী ঘোরানো হয়েছে।
অন্য অ্যাঙ্গেল থেকে তোলা একই ভিডিওতে দেখা যাচ্ছে যে সরু পাহাড়ি রাস্তার নীচে কোনও খাদ নেই। অল্প নীচেই আরেকটি রাস্তা রয়েছে যেখানে অন্যান্য গাড়ি ও মানুষজন রয়েছে।