
এবার কেন্দ্রীয় মন্ত্রকের কভিড সংক্রান্ত নির্দেশিকা নিয়ে একটি দাবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো।
একজন ফেসবুক ব্যবহারকারী একটি পোস্ট করে এই নয়া নির্দেশিকার সংক্রান্ত কিছু তথ্য দিয়েছেন। সেখানে দাবি করা হয়েছে, নয়া নির্দেশিকা অনুযায়ী কোনও করোনা আক্রান্ত রোগীর যদি টানা তিনিদিন জ্বর না আসে তাহলে তাঁকে আইসোলেশনে থাকতে হবে না।
ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে এই পোস্টের দাবি বিভ্রান্তিকর।
তদন্তে নেমে আমরা প্রথমে কিওয়ার্ড সার্চ করে খুঁজে দেখার চেষ্টা করি এমন কোনও নির্দেশিকা স্বাস্থ্য দপ্তর বা আইসিএমআর-এর পক্ষ থেকে দেওয়া হয়েছিল কিনা।
দ্য ট্রিবিউন সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন আমরা খুঁজে পাই। ১০ই জানুয়ারি প্রকাশিত এই প্রতিবেদনে বলে হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যুগ্মসচিব লব আগারওয়াল জানিয়েছেন যে এবার থেকে মৃদু উপসর্গ বা উপসর্গহীন করোনা রোগীদের সাতদিন হোম আইসোলেশনে থাকতে হবে। তবে হোম আইসোলেশন পর্বের এই সাতদিনের শেষ তিনদিন যেন কোনও জ্বর না থাকে। তবে সেই রোগী হোম আইসোলেশন থেকে মুক্তি পেতে পারবে।
বিষয়টিকে নিশ্চিত করতে আমরা প্রথমে স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে গিয়ে নতুন নির্দেশিকার খোঁজ করি। দেখা যাচ্ছে, শুধুমাত্র মৃদু উপসর্গ বা উপসর্গহীন কভিড রোগীদের জন্যে ৫ই জানুয়ারি একটি নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। কিন্তু সেখানে কোথাও বলা হয়নি যে টানা তিনদিন জ্বর না থাকলে কোনও করোনা আক্রান্ত রোগীকে আরে হোম আইসোলেশনে থাকতে হবে না।
এখানে বলা হয়েছে যে পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর কমপক্ষে সাত দিন হোম আইসোলেশনে থাকতেই হবে। এর পর যদি রোগীর টানা তিনদিন জ্বর না আসে তবেই তিনি হোম আইসোলেশন থেকে নিষ্কৃতি পাবেন। অর্থাৎ, টানা তিনদিন জ্বর না থাকলেই রোগী বাইরের বাইরে যেতে পারবেন এমনটা নয়।
বিষয়টিকে আরও নিশ্চিত করতে আমরা এবার আইসিএমআর-এর ওয়েবসাইটে গিয়ে সেখানে এই বিষয়ে কী বলা হয়েছে তা খুঁজে বের করি।
দেখা যাচ্ছে, সেখানেও বলা হয়েছে যে কমপক্ষে সাতদিন হোম আইসোলেশনে থাকার পর একজন রোগী বাইরে বেরোতে পারেন শুধুমাত্র যদি তার টানা তিনদিন জ্বর জ্বর ভাব থাকে বা জ্বর না আসে।
সুতরাং, এই পোস্টের দাবি যে বিভ্রান্তিকর তা বলাইবাহুল্য। করোনা আক্রান্তদের নিদেনপক্ষে সাত দিন হোম আইসোলেশনে থাকতেই হবে। টানা তিনদিন জ্বর না থাকলেই যে তারা হোম আইসোলেশন থেকে মুক্ত হবেন এমন কোনও কথা নির্দেশিকায় বলা নেই।
নয়া নির্দেশিকা অনুযায়ী কোনও করোনা আক্রান্ত রোগীর যদি টানা তিনিদিন জ্বর না আসে তাহলে তাঁকে আইসোলেশনে থাকতে হবে না।
করোনা আক্রান্তদের নিদেনপক্ষে সাত দিন হোম আইসোলেশনে থাকতেই হবে। টানা তিনদিন জ্বর না থাকলেই যে তারা হোম আইসোলেশন থেকে মুক্ত হবেন এমন কোনও কথা নির্দেশিকায় বলা নেই।