
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট বেশ ভাইরাল হতে দেখা যাচ্ছে। সেই পোস্টে গো-মাংস রপ্তানি সংক্রান্ত কিছু পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে যেখানে রপ্তানিতে ভারতকে প্রথম স্থানাধিকারী হিসেবে দেখানো হয়েছে।
এই পরিসংখ্যানের ছবিটি শেয়ার করে নেটিজেনদের একাংশ বর্তমান নরেন্দ্র মোদী সরকারকে বিদ্রুপ করে লিখেছেন, "আলহমদুলিল্লাহ,ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ট আসন লইয়াছে, মোদী হে তো মুমকিন হে।"
অর্থাৎ এ ক্ষেত্রে বোঝাতে চাওয়া হয়েছে যে বিজেপি সরকার মুখে গো-রক্ষার কথা বললেও বাস্তবে পরিস্থিতি অন্যরকম, কারণ এই সরকারের আমলেই দেশ থেকে সর্বোচ্চ পরিমাণ গো-মাংস বিদেশে রপ্তানি হচ্ছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধান করে দেখেছে যে এই পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। প্রথমত, এই পরিসংখ্যান সাম্প্রতিক সময়কার নয়। দ্বিতীয়ত, যে সময়কার তথ্য এই টেবিলে প্রকাশ করা হয়েছে, তখনও নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার ক্ষমতায় আসেনি।
আফয়া তদন্ত
সবার প্রথম আমরা খুঁজে দেখার চেষ্টা করি যে ভাইরাল পোস্টে যে ইনফোগ্রাফিক্স প্রকাশ করা হয়েছে, তা আসলে কবেকার। যেহেতু সেই পোস্টে Scroll.in-এর ওয়াটারমার্ক দেখা যাচ্ছিল, আমরা সেটিকে সূত্র ধরে কিছু কিওয়ার্ড সার্চ করি।
বেশ কিছু সার্চের পর আমরা এই একই ইনফোগ্রাফিক্স খুঁজে পাই Scroll-এর একটি রিপোর্টে। যদিও সেই রিপোর্টটি এখনকার নয়, বরং ২০১৪ সালের ৩০ জুন প্রকাশ পেয়েছিল।
সেই রিপোর্টে উল্লেখ করা হয় যে ২০১৩-১৪ সালের মধ্যে ভারত মোট ১৫ লক্ষ ২৫ হাজার মেট্রিক টন গো-মাংস রপ্তানি করে, যা সেই বছর বাকি সব দেশের থেকে ছিল সবচেয়ে বেশি।
মনে করিয়ে দেওয়া প্রয়োজন, ২০১৪ সালের ২৬ মে প্রথমবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করেছিলেন। এবং এই রিপোর্টটি তার দিনকয়েকের মধ্য়েই প্রকাশ পায়, যেখানে শেষ এক বছরের পরিসংখ্যান দেওয়া ছিল যখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায় ছিল। অর্থাৎ এ কথা বলাই বাহুল্য যে এই পরিসংখ্যানের নেপথ্যে মোদী সরকারের কোনও ভূমিকা নেই।
বর্তমানে কী অবস্থান ভারতের?
গো-মাংস রপ্তানিতে বর্তমানে ভারত কোন স্থানে রয়েছে আমরা তাও খতিয়ে দেখি। ২০১৯ সালে প্রকাশিত মার্কিন কৃষি মন্ত্রকের একটি রিপোর্টে বলা হয় যে ব্রাজিল লাগাতার গো-মাংস রপ্তানিতে প্রথম স্থানে রয়েছে।
আরেকটি ওয়েবসাইটে আমরা মার্কিন কৃষি মন্ত্রকের প্রকাশিত চলতি বছরের পরিসংখ্যান দেখতে পাই। সেখানে উল্লেখ করা হয় যে গো-মাংস রপ্তানিতে এখনও প্রথম স্থানে রয়েছে ব্রাজিল। দ্বিতীয় স্থানে নাম রয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে রয়েছে মার্কিং যুক্তরাষ্ট্র ও চতুর্থ স্থানে রয়েছে ভারত।
সুতরাং, ভাইরাল দাবিটি যে বিভ্রান্তিকর এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে তার কোনও সাযুজ্য নেই, এই বিষয়টি আমাদের অনুসন্ধান দ্বারাই পরিষ্কার হয়ে যাচ্ছে।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে মোদী জমানায় কী ভাবে গো-মাংস রপ্তানিতে শীর্ষ স্থান অধিকার করেছে ভারত।
পরিসংখ্যানটি ৮ বছর আগেকার। ২০১৩-১৪ সালের পরিসংখ্যান অনুযায়ী ভারত প্রথমে থাকলেও ২০১৮ থেকে ব্রাজিল বিশ্বের শীর্ষ গো-মাংস রপ্তানি করা দেশ।