
দু'দিন আগেই মহা সমারোহে গোটা দেশজুড়ে পালিত হয়েছে ৭৬তম স্বাধীনতা দিবস। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি বিমান মহড়ার ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। ভিডিওটি শেয়ার করে তা "৭৫তম স্বাধীনতা দিবস" উদযাপনের দৃশ্য বলে দাবি করা হচ্ছে।
ভিডিওতে একটি দেশাত্মবোধক হিন্দি গানও শুনতে পাওয়া যাচ্ছে।
ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল দাবিটি বিভ্রান্তিকর। এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, এমনকি ভারতেরও নয়। এটি কয়েক বছর আগে দুবাইতে হওয়া একটি এয়ার শো-এর ভিডিও।
আফয়া তদন্ত
সবার প্রথম আমরা ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে তার রিভার্স ইমেজ সার্চ করি। তখন শাটারস্টক নামক ছবির স্টক ওয়েবসাইটে আমরা একই ধরনের বিমান মহড়ার ছবি দেখতে পাই।
ওই ছবির বিবরণে লেখা ছিল যে, এটি সংযুক্ত আরব আমিরশাহিতে ২০১৬ সালের ২২ জানুয়ারি হওয়া বাহরিন ইন্টারন্যাশনাল এয়ার শো-এর ভিডিও যা সাখির এয়ারবেসে অনুষ্ঠিত হয়েছিল।
এই জিনিসটিকে সূত্র হিসেবে ব্যবহার করে আমরা কিছু কিওয়ার্ড সার্চ করি ও এই মহড়ার কিছু ভিডিও খুঁজে বের করার চেষ্টা চালাই। তখন ইউটিউবের একটি ভিডিও আমাদের নজরে আসে। এয়ারসোর্স মিলিটারি নামক এই ভ্যারিফায়েড পেজে ওই মহড়ার ভিডিও প্রকাশ পায়।
৭ মিনিট দীর্ঘ এই ভিডিওটির ৬ মিনিট ১০ সেকেন্ডের মাথায় আমরা দেখতে পাই, ভাইরাল ভিডিও-র মতোই একই দৃশ্য এখানেও দেখা যাচ্ছে। ভাইরাল ভিডিওতে কেবল উল্টে দেওয়া হয়েছে। বাকি সব হুবহু একই রকম রয়েছে।
একই ধরনের ভিডিও আমরা আরও একটি ইউটিউব চ্যানেলে খুঁজে পাই যা ২০১৯ সালের নভেম্বর মাসে আপলোড করা হয়েছিল। সেখানেও বিমান কুচকাওয়াজের একই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। এই ইউটিউব ভিডিওতে দাবি করা হয় এটি ২০১৯ সালে দুবাই এয়ার শো-তে সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনীর ডিসপ্লে টিম আল ফুরসন-এর কুচকাওয়াজের দৃশ্য।
কিওয়ার্ড সার্চ করলেও এমন কোন বিশ্বস্ত সূত্রের প্রতিবেদন আমরা খুঁজে পাইনি যেখানে এমনটা উল্লেখ করা হয় যে এমন বিমান বাহিনীর এমন কোনও মহড়া হয়েছিল।
সুতরাং, ভাইরাল ভিডিওটি যে বিভ্রান্তিকর দাবির সঙ্গে ছড়ানো হচ্ছে, তা এর থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে।
এটি ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের বিমান মহড়ার দৃশ্য।
ভাইরাল ভিডিও বেশ কয়েক বছর পুরনো। দুবাইয়ে একটি বিমান কুচকাওয়াজের সময় তা রেকর্ড করা হয়েছিল।