
বৃহস্পতিবার তিন দিনের সফরে জম্মু-কাশ্মীরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে বুধবার কিশ্তওয়ার ও উধমপুর জেলায় যৌথবাহিনীর অভিযানে নিহত হয়েছে তিন জইশ-ই-মহম্মদ জঙ্গি। আর এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে, অগ্নিদগ্ধ বাড়িতে বিস্ফোরণের একটি ভিডিও।
ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, কাশ্মীরে একটি সেনা ক্যাম্পে হামলা চালিয়ে দশজন ভারতীয় সেনাকে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদীরা। উদাহরণস্বরূপ, ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “ভারত শাসিত কাশ্মীরে সেনাদের উপর স্বাধীনতা কামীদের ভয়াবহ হামলায় অন্তত ১০ সেনা নিহত!।”
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি কোনও ভারতীয় সেনার উপর বিচ্ছিন্নতাবাদীদের হামলার নয়। বরং এটি ২০২৫ সালের ২৭ অগস্ট জম্মু-কাশ্মীরে কিশ্তওয়ার জেলার আস্তানবালা এলাকায় কয়েকটি বাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ড ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা।
সত্য উন্মোচন
ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক স্ক্রিনশট নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন ২০২৫ সালের ২৭ অগস্ট ইন্ডিয়া টুডের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়, জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ারের আস্তানবালা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনার সময় একটি বিশাল সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।
এরপর উক্ত সূত্র ধরে পরবর্তী অনুসন্ধান চালালে ভাইরাল ভিডিও এবং এর স্ক্রিনশট-সহ একাধিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। সেই সব প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের ২৭ অগস্ট সন্ধ্যা নাগাদ জম্মু-কাশ্মীরে কিশ্তওয়ার জেলার আস্তানবালা এলাকার একটি বাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বাড়িতে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপরেই কয়েক মিনিটের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং পাশ্ববর্তী আরও ৫ থেকে ৬টি বাড়িতে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় মোট ৮ জন ব্যক্তি আহত হয়। তাদের স্থানীয় ডোডা সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
তবে কোনও প্রতিবেদনেই এই অগ্নিকাণ্ডকে বিচ্ছিন্নতাবাদীদের তরফে ভারতীয় সেনা ক্যাম্পে হামলা কিংবা ১০ জন সেনা সদস্যের মৃত্যু ঘটনা বলে উল্লেখ করা হয়নি। তাই এরপর বিষয়টি সম্পর্কে জানতে আমরা কিশ্তওয়ার জেলার ফায়ার অ্যান্ড ইমার্জেন্সির অতিরিক্ত কমিশনারের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের নিশ্চিত করে জানান যে, “একটি দুর্ঘটনাজনিত কারণের জন্য গত বছরের অগস্ট মাসের শেষের দিকে আস্তানবালা এলাকায় ওই অগ্নিকাণ্ড ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এই ঘটনার সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর উপর কোনও জঙ্গি হামলার সম্পর্ক নেই।” পাশাপাশি, বিষয়টি সম্পর্কে জানতে কিশ্তওয়ারের জেলা শাসকের অফিসে যোগাযোগ করা হলেও এই একই তথ্য প্রদন করা।
এর থেকে প্রমাণ হয় যে, কাশ্মীরে ভারতীয় সেনার উপরে জঙ্গি হামলা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে পুরনো অসম্পর্কিত ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, কাশ্মীরে একটি সেনা ক্যাম্পে হামলা চালিয়ে দশজন ভারতীয় সেনাকে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদীরা।
আসলে ভিডিওটি ২০২৫ সালের ২৭ অগস্ট জম্মু-কাশ্মীরে কিশ্তওয়ার জেলার আস্তানবালা এলাকায় কয়েকটি বাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ড ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা।