
সত্যজিৎ রায়। এটি কেবল একটি নাম নয়। কোটি-কোটি বাঙালির আবেগ, ও ছোট থেকে বড় হওয়ার সঙ্গীও বটে। ফেলুদা থেকে প্রফেসর শঙ্কু মতো নানা চরিত্রের গল্প শৈশব থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত গোগ্রাসে গিলেছে বাঙালি। সেই সত্যজিৎ রায়ের নিজের হাতা আঁকার দাবিতে এ বার একটি ছবি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ছবিটি একটি গ্রাম্য পরিবেশের ল্যান্ডস্কেপ যেখানে নানা বাংলা শব্দ ও বর্ণের ব্যবহারের দ্বারা একটি অপরূপ দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, "সত্যজিত রায়ের আঁকা ছবি। একটু জুম করে দেখুন।"
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করা দেখেছে যে এই দাবিটি মিথ্যা। সংশ্লিষ্ট ছবিটি সত্যজিৎ রায়ের নয় বরং এক বাংলাদেশি শিল্পীর আঁকা।
কীভাবে জানা গেল সত্যি?
সবার প্রথম কিওয়ার্ড সার্চের মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করি যে সত্যজিৎ রায়ের আঁকা ছবির কোনও সংকলন কোথাও রয়েছে কিনা। তখন আনন্দবাজার ডিজিটাল ও হিন্দুস্তান টাইমস বাংলার দুটি প্রতিবেদন দেখতে পাই। সেখানে সত্যজিৎ রায়ের আঁকা নানা ছবি দেওয়া থাকলেও এই ছবিটি কোথাও ছিল না।
এরপর আমরা ভাইরাল ছবিটিকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজার চেষ্টা করি। তখন ওই একই ছবিটি আমরা নিপুন দেব নাথ নামে এক ব্যক্তির প্রোফাইলে দেখতে পাই। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি এই ছবিটি নিজের প্রোফাইল থেকে পোস্ট করে লিখেছিলেন, "#১০, গ্রাম বাংলা।"
তাঁর প্রোফাইলটি স্ক্যান করে আমরা দেখতে পাই, ওই বছর ফেব্রুয়ারি মাসে তিনি একই ব্যাকগ্রাউন্ডের উপর একই কালি ব্যবহার করে আরও বেশ কয়েকটি ছবি এঁকে তা পোস্ট করেছিলেন। যা থেকে অনুমান করা যায় ভাইরাল ছবিটিও তাঁর আঁকা।
চলতি বছর গত ৩১ অগস্ট তিনি নিজের এই চর্চিত গ্রাম বাংলার ছবিটি ফেসবুকে পুনরায় শেয়ার করে জানান যে এটি তাঁরই আঁকা। কিন্তু বর্তমানে তা সত্যজিৎ রায়ের নামে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। নিপুনের কথায়, এই ছবিটি তাঁর 'চিত্রলেখা' অ্যালবামের অংশ। এই ছবিতে তাঁর স্বাক্ষর না থাকার প্রসহঙ্গে নিপুন লেখেন, "প্রথম প্রথম এইটা নিয়ে একটা অনুশোচনা ছিল। কিন্তু এখন নেই। আমার মূল লক্ষ্য ছিল অন্যরকম কিছু একটা করার এবং বাংলা শব্দগুলো যে ছবির মত সুন্দর তা তুলে ধরার। আমি মনে করি যে আমার কাজের ধরণগুলোর মধ্যেই আমার স্বাক্ষর লুকিয়ে আছে।"
এই বিষয়ে আরও নিশ্চিত হতে আমরা যোগাযোগ করি সত্যজিৎ রায়ের পরিবারের সঙ্গে। সেখান থেকেও আমাদের নিশ্চিত করা হয় যে এই ছবিটি সত্যজিৎ রায়ের আঁকা নয়।
অর্থাৎ এ ক্ষেত্রে আর বুঝতে বাকি থাকে না যে অন্য এক শিল্পীর ছবি সত্যজিৎ রায়ের নামে শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
এই ছবিটি সত্যজিৎ রায়ের আঁকা।
ছবিটি নিপুন দেব নাথ নামে এক বাংলাদেশি শিল্পী এঁকে ২০১৫ সালে নিজের ফেসবুকে পোস্ট করেছিলেন।