
ভারতের ইতিহাসে প্রথমবার কোনও মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নিজের মামলার পক্ষে সওয়াল করতে দেখা গেছে বুধবার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেই কাজ। এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। ভিডিওটি পোস্ট করে দাবি করা হচ্ছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালত থেকে বেরিয়ে আসার সময় ‘চোর চোর’ স্লোগান তোলা হয়েছিল।
ভিডিওতে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীদের দ্বারা পরিবেষ্টিত অবস্থায় গাড়িতে ওঠার চেষ্টা করছেন। সেই সময় চারপাশে ‘চোর চোর’ স্লোগান ভেসে আসছে। ভিডিওটি পোস্ট করে এর উপর লেখা হয়েছে, “দেখুন ভিডিও টা, যা কোনো নিউজ চ্যানেল দেখাবেনা আপনার অনুভূতি জানান। মিষ্টি আওয়াজ। চোর চোর চোর। 04/02/2026। মূখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে থেকে চলে যাওয়ার মূহুর্তে জনতার স্লোগান।”
ভিডিওটি পোস্ট করে একটি ব্যঙ্গাত্মক ক্যাপশন জুড়ে লেখা হয়েছে, “দেখুন কিভাবে সারাদিন খাটুনির পর পারিশ্রমিক নিয়ে ফিরতে হয়।”
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি সম্পাদিত। আসল ভিডিওতে চোর চোর স্লোগান শোনা যায়নি। অন্য একটি ঘটনার অডিও এখানে জুড়ে দেওয়া হয়েছে।
সত্য উদঘাটন
ভাইরাল ভিডিওটি গুগল লেন্সের মাধ্যমে খোঁজা হলে এই ঘটনার আসল ভিডিও অবনী বনসল নামের এক আইনজীবীর এক্স হ্যান্ডেলে পাওয়া যায়। এই ভিডিওটিতে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে 'চোর চোর' স্লোগান উঠতে শোনা যায়নি। পক্ষান্তরে, কোনও দিন থেকে ভেসে আসছিল ‘নমস্কার দিদি’, কোথাও থেকে ‘জয় বাংলা।’ আসল ভিডিওটি নিচে দেখা যাবে।
যে সময় মমতা সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠছিলেন, তার একটি পৃথক ভিডিও দ্য হিন্দুর এক্স হ্যান্ডেলেও পোস্ট করা হয়। দুই মিনিটের সামান্য বেশি এই ভিডিওটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে এখানেও কোথাও এই ধরনের স্লোগান দিতে কাউকে শোনা যায়নি। যা থেকে কার্যত প্রমাণ হয়ে যায় যে এই অডিওটি সম্ভবত অন্য কোনও ঘটনার।
আসল অডিওটি উৎস কী?
ভাইরাল ভিডিওতে থাকা অডিওতে ‘কয়লা চোর’, ‘গরু চোর’-এর মতো স্লোগান শোনা যাচ্ছে। এই সম্পর্কে কিওয়ার্ড সার্চ করা হলে ২০২৩ সালের ১১ জুন প্রকাশিত এবিপি আনন্দের একটি রিপোর্ট পাওয়া যায়। এই রিপোর্টের শিরোনামে লেখা হয়— "কয়লা চোর, গরু চোর", ঠাকুরনগরে তীব্র বিক্ষোভের মুখে অভিষেক !
এই সূত্র ধরে সার্চ করা হলে এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলে আসল ভিডিওটি পাওয়া যায় যেখান থেকে অডিওটি ব্যবহার করা হয়েছে। একই দিনে প্রকাশিত এই ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, সেই সময় উত্তর ২৪ পরগণার ঠাকুরনগরে মতুয়াগড়ে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরকে ঘিরে তুলকালাম বেঁধে যায়। অভিষেক ফিরে আসার তাঁকে সময় কালো পতাকা দেখানো হয় এবং এই ধরনের স্লোগানও দেওয়া হয়।
এই ভিডিও-র ১৬ সেকেন্ড থেকে শুনলে যে অডিও শোনা যাবে। ভাইরাল ভিডিওতেও হুবহু এই একই অডিও ব্যবহার করা হয়েছে। যা থেকে বুঝতে বাকি থাকে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিওটি সম্পাদিত, এবং কারসাজি করে এতে অন্য অডিও জুড়ে দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে আসার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়।
ভিডিওটি সম্পাদিত। আসল ভিডিওতে এমন কোনও স্লোগান নেই। চোর চোর স্লোগানের অডিওটি ২০২৩ সালের জুন মাসের যখন উত্তর ২৪ পরগণার ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে এই স্লোগান তোলা হয়েছিল।