
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এবিপি আনন্দের একটি বুলেটিনের ভিডিও ক্লিপ বেশ ভাইরাল হয়েছে। এই প্রতিবেদনে বলা হচ্ছে যে, জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে স্থানীয় বুথ সভাপতি-সহ শতাধিক বিজেপি কর্মী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এবং তৃণমূল জানিয়েছে যে এরা সকলেই ভুল বুঝে বিজেপিতে গিয়েছিলেন। এখন পুরনো দলেই ফিরে আসছেন।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “শুভেন্দু অধিকারীর ওপর ক্ষোভ উগরে জলপাইগুড়ির ধুপগুড়িতে বিজেপির বুথ সভাপতি সহ বিজেপির শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো।”
অর্থাৎ, ক্যাপশনের মাধ্যমে বোঝাতে চাওয়া হয়েছে যে ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটেছে।
তবে আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে দাবিটি অর্ধসত্য। এই প্রতিবেদনটি আসল হলেও এখনকার নয়। বরং ২০২১ সালের। জলপাইগুড়িতে সম্প্রতি ঠিক উল্টো ঘটনা ঘটেছে।
সত্য উদঘাটন
ভাইরাল ভিডিওটি উৎস কিওয়ার্ড সার্চের মাধ্যমে খোঁজা হলে আসল ভিডিওটি এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। আসল ভিডিওটি ২০২১ সালের ১৪ জুলাই আপলোড করা হয়েছিল। যা দেখলে পরিষ্কার হয়ে যায় যে ভিডিওটি প্রায় পাঁচ বছর আগেকার।
ভিডিওটির বিবরণে লেখা হয়, জলপাইগুড়ির ধূপগুড়িতে বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন বিজেপির বুথ সভাপতি-সহ শতাধিক কর্মী। গতকাল ধূপগুড়ি পুরসভার উপ পুরপ্রধানের নেতৃত্বে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। তৃণমূলের দাবি, ভুল বুঝে বিজেপিতে যোগ দিয়েছিলেন এই নেতা-কর্মীরা। শেষ পর্যন্ত পুরনো দলে ফিরে এসেছেন। দল বদল নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
জলপাইগুলিতে সম্প্রতি এমন দলবদল হয়েছে?
জলপাইগুড়ি জেলায় সম্প্রতি এমন কোনও দলবদলের ঘটনা ঘটেছে কিনা সার্চ করা হলে TV9 বাংলা-সহ বাংলা হান্টের মতো সংবাদ মাধ্যমে একাধিক খবর পাওয়া যায়। এই খবরগুলোতে লেখা হয়, সম্প্রতি প্রায় ১৫০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে।
খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের মাঝেই এই ঘটনাটি ঘটেছে। জলপাইগুড়ির বিন্নাগুড়িতে ১৫০-র বেশি পরিবার বিজেপিতে যোগদান করেছে। বিন্নাগুড়িতে ভারতীয় জনতা পার্টির নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে এসে প্রবীণ তৃণমূল নেতা উমেশ যাদব তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তাঁর সঙ্গে পাপ্পু শর্মা-সহ ১৫০টিরও বেশি পরিবারের সদস্যরা বিজেপিতে যোগ দেন।
অর্থাৎ বুঝতে বাকি থাকে না যে প্রায় ৫ বছর আগেকার একটি প্রতিবেদনের ভিডিওকে বর্তমানে সাম্প্রতিক দাবিতে শেয়ার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।
সম্প্রতি জলপাইগুড়ির ধূপগুড়িতে স্থানীয় বুথ সভাপতি-সহ শতাধিক বিজেপি কর্মী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।
ভিডিও প্রতিবেদনটি ২০২১ সালের জুলাই মাসের। সম্প্রতি ১৫০ জলপাইগুড়ির বিন্নাগুড়িতে ১৫০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে।