
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে। এই ক্লিপে প্রধানমন্ত্রীকে বাম শাসনামলে পাইপলাইনের মাধ্যমে বাড়ি-বাড়ি জল সরবরাহের সঙ্গে বর্তমান সময়ে পাইপলাইনে জল সরবরাহের তুলনা করতে শোনা যাচ্ছে।
ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়েছে যে, প্রধানমন্ত্রী নিজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দিয়েছেন। তিনি নাকি বলেছেন যে, বাম শাসনামলে যেখানে ১০০-র মধ্যে মাত্র চারটি বাড়িতে পাইপলাইনে জল সরবরাহ হতো সেখানে এখন ৮৫টি বাড়িতে হয়।
এই ভিডিও ক্লিপ পোস্ট করে লেখা হয়েছে, “মোদিজি নিজেই স্বীকার করলেন মমতা ব্যানার্জীর কৃতিত্ব! সিপিআইএমের সময় জল পৌঁছাত ৪টি ঘরে, এখন তা ৮৫।”
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, দাবিটি অসত্য ও বিভ্রান্তিকর। ভিডিওতে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ নয় বরং ত্রিপুরা রাজ্যের কথা বলছিলেন এবং সেখানকার বর্তমান বিজেপি সরকারকে কৃতিত্ব দিচ্ছিলেন।
সত্য উদঘাটন
ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে খোঁজা হলে ওই একই বক্তব্যের ভিডিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। এই ভিডিওটি চলতি বছর ১৮ জানুয়ারি পশ্চিমবঙ্গ বিজেপি ও নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল।
প্রায় দু’ঘণ্টা তিন মিনিটের দীর্ঘ এই ভিডিওতে ১ ঘণ্টা ৫০ মিনিটের পরবর্তী অংশে নরেন্দ্র মোদীকে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ নানা প্রকল্পের ইতিবাচক দিকগুলি নিয়ে বলতে শোনা যায়। মোদী বলেন, “আমি আপনাদের ‘হর ঘর নল সে জল’-এর সম্পর্কে বলি। দেশের গ্রামে-গ্রামে যাতে প্রত্যেক ঘরে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ হয়, তাই কেন্দ্রের বিজেপি সরকার এই অভিযান চালাচ্ছে। যেরকম ত্রিপুরায়, আপনাদের প্রতিবেশী রাজ্যে। সেখানে যখন আগেকার বামপন্থী সরকার ছিল, সেই সময় ১০০-র মধ্যে মাত্র চারটি ঘরে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ হতো। কিন্তু বিজেপির ডবল ইঞ্জিন সরকারের কারণে আজ সেখানে ১০০-র মধ্যে ৮৫টি ঘরে পাইপলাইনের মাধ্যমে জল আসা শুরু হয়ে গেছে।”
প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকেই পরিষ্কার যে, আসল ভিডিওটি থেকে ত্রিপুরার প্রসঙ্গ কেটে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ, প্রেক্ষাপট ছাড়াই বক্তব্যটি এমনভাবে শেয়ার করে হচ্ছে যা থেকে বিভ্রান্তি ছড়াচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দিয়ে বলেছেন যে, বাম আমলে যেখানে ১০০টির মধ্যে মাত্র চারটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছাত, এখন সেখানে ৮৫টি বাড়িতে জল পৌঁছাচ্ছে।
দাবিটি বিভ্রান্তিকর। ভাইরাল ভিডিওতে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা রাজ্যের কথা বলছিলেন এবং সেখানে বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকারের অধীনে পাইপলাইনে জল সরবরাহ বৃদ্ধির কথা উল্লেখ করছিলেন। মূল ভিডিও থেকে ত্রিপুরার প্রসঙ্গ কেটে বাদ দেওয়া হয়েছে।