
গত কয়েক সপ্তাহ ধরেই বার্ড ফ্লু আতঙ্কে কাঁপছে বিহার। একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে বিহারে চিকেনের দাম প্রায় ৩০-৪০ শতাংশ কমে গিয়েছে। পাশাপাশি বহু মরগির মৃত্যুর তথ্যও উঠে এসেছে। পড়শি রাজ্যে বার্ড ফ্লু-র এই দাপট দেখা যাওয়ায় শঙ্কা দেখা দিয়েছে এ রাজ্যেও। বার্ড ফ্লু নিয়ে বাংলায় পরিস্থিতি কেমন খোঁজ নিল bangla.aajtak.in
বার্ড ফ্লু নিয়ে সতর্ক বাংলার চাষিরা
রাজ্যে বার্ড ফ্লু-র প্রসঙ্গ নিয়ে bangla.aajtak.in -কে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মদন মাইতি বলেন, "সারা রাজ্যের সব পোল্ট্রি চাষিদের আমরা ইতিমধ্যেই বার্ড ফ্লু নিয়ে সতর্ক করেছি। মূলত বায়ো সিকিউরিটি শক্তিশালী করার দিকে জোর দেওয়া হয়েছে। মূলত স্প্রেয়িং, খামার পরিষ্কার রাখা, খামারে অহেতুক লোকের ঢোকা বন্ধ করতে বলা হয়েছে। পাশাপাশি মুরগি বহনকারী গাড়িগুলিকেও লোড করার আগে ভালো করে স্প্রে করা হচ্ছে। কোনও ভাবেই যাতে বার্ড ফ্লু না ছড়ায় সেদিকে নজর রাখা হয়েছে।"
বাংলায় দাঁত ফোটাতে পারেনি বার্ড ফ্লু
মদন মাইতি বলেন, "আমরা খুব কড়া অ্যাকশন নেওয়ার জন্য এখন পর্যন্ত বাংলায় বার্ড ফ্লু-র দেখা পাওয়া যায়নি। গত ২-৩ বছর ধরেই আমরা এই বিষয়ে অনেকটা জোর দিয়েছি। আমাদের অভিজ্ঞতা অনুযায়ী দেখেছি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্তই এই দাপট বেশি থাকে। আমরা নভেম্বর মাস থেকেই বিষয়ের দিকে জোর দিয়েছি। তখন থেকেই সুরক্ষার দিকে নজর দেওয়া হয়েছে।"
বিহার সংলগ্ন জেলায় আরও কড়া সতর্কতা
ওয়েস্ট বেঙ্গল পোলট্রি অ্যাসোসিয়েশনের তরফে বাংলা-বিহার সীমান্তের জেলাগুলির পোল্ট্রি ফার্মারদেরও এবিষয়ে সতর্ক করা হয়েছে। কোচবিহার থেকে মালদা- এই জেলাগুলির চাষিদের বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। তাঁরা যাতে ভ্যাক্সিনেশন বিধি কঠোর ভাবে মেনে চলে সেই সংক্রান্ত নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি, যে শ্রমিকেরা এই ফার্মে কাজ করেন, তাঁরাও যাতে ফার্মে ঢোকার সময় নিজেদের পোশাকে জীবাণুনাশক স্প্রে করে ভিতরে ঢোকেন, সেই নির্দেশ দেওয়া হয়েছে।
বিহারে অবস্থা কেমন?
বিহারে বার্ড ফ্লু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই প্রায় ৫ হাজার মুরগি মারা গিয়েছে। বার্ড ফ্লু আতঙ্কে ৭ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে পাটনা চিড়িয়াখানাও। পড়শি রাজ্যে হু হু করে দাম কমছে মুরগির। স্থানীয় সূত্রে দাবি ১১০ টাকা প্রতি কেজিতে নেমে এসেছে চিকেনের দাম। প্রায় ৩০-৪০ শতাংশ মুরগির মাংসের দাম কমেছে বলে জানা গিয়েছে।