
India Today Conclave East 2022-এর মঞ্চে বিজেপি নেতা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে 'কুরুচিকর' মন্তব্য করে বলে অভিযোগ করে তৃণমূল। তৃণমূলের আটজনের প্রতিনিধি দল আজ, বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে এ বিষয়ে বৈঠক করে। এই প্রতিনিধি দলে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ সাজদা আহমেদ, তৃণমূলের উপ-মুখ্য সচেতক তাপস রায়, মন্ত্রী শশী পাঁজা ও দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা চাওয়ার দাবি জানান।
প্রায় ঘণ্টাখানেক রাজ্যপালের সঙ্গে বৈঠক হয় তৃণমূলের প্রতিনিধি দলের। বৈঠক শেষে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, দিলীপ ঘোষ যে ভাষায় একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তার জন্য তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি তিনি এও দাবি করেন, মা দুর্গাকে নিয়ে করা মন্তব্যও অবমাননাকর ছিল।
India Today Conclave East 2022-এর মঞ্চে বুধবার দিলীপ ঘোষ বলেছিলেন, “এখানে বসে বলছেন বাংলার মেয়ে, তো ঠিক আছে, তারপর গোয়ায় গিয়ে বলছেন আমি গোয়ার মেয়ে? আরে, বাবা-মায়ের কোনও ঠিকানা নেই নাকি? যেখানে সেখানে গিয়ে যা খুশি বলে দেবেন? এর মানে কী?”
দিলীপ ঘোষের এই মন্তব্যেই ক্ষোভ প্রকাশ করে তৃণমূল। এই মন্তব্যের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে এর বিরোধিতা করেন।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এ প্রসঙ্গে বলেন, আমরা রাজ্যপালকে বলেছি, এই ভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে বাবা-মা টেনে আক্রমণ করা যায়? রাজ্যপালের গলায় বিজেপির সুর শোনা যায় ঠিকই। কিন্তু তারপরেও তিনি বাংলার রাজ্যপাল। আমরা চাইব তিনি পদক্ষেপ করুন।