Advertisement

Kolkata Police: সোশ্যাল মিডিয়া ব্যবহারে পুলিশকর্মীদের জন্য ১৫ দফা নির্দেশ লালবাজারের, কী কী করতে পারবেন না? 

পুলিশ কর্মীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়া নজরদারি চালাতে একগুচ্ছ নির্দেশিকা জারি করল লালবাজার। গোপনীয় তথ্য ফাঁস রোধ ও বাহিনীর নিরপেক্ষ ভাবমূর্তি অটুট রাখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। কোন পরিস্থিতিতে এবং কারা কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখতে পারবেন, তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে নির্দেশিকায়।

সুপ্রতিম সরকার, আইপিএসসুপ্রতিম সরকার, আইপিএস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Feb 2026,
  • अपडेटेड 9:24 AM IST
  • পুলিশ কর্মীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়া নজরদারি চালাতে একগুচ্ছ নির্দেশিকা জারি করল লালবাজার।
  • গোপনীয় তথ্য ফাঁস রোধ ও বাহিনীর নিরপেক্ষ ভাবমূর্তি অটুট রাখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

পুলিশ কর্মীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়া নজরদারি চালাতে একগুচ্ছ নির্দেশিকা জারি করল লালবাজার। গোপনীয় তথ্য ফাঁস রোধ ও বাহিনীর নিরপেক্ষ ভাবমূর্তি অটুট রাখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। কোন পরিস্থিতিতে এবং কারা কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখতে পারবেন, তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে নির্দেশিকায়।

লালবাজারের পর্যবেক্ষণে দেখা গেছে, কলকাতা পুলিশের কিছু কর্মী ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিভিন্ন বিষয় নিয়ে মতামত দিচ্ছেন, তর্ক-বিতর্কে জড়াচ্ছেন কিংবা ডিউটির ছবি ও নানা তথ্য পোস্ট করছেন। এই প্রবণতায় লাগাম টানতেই বৃহস্পতিবার ১৫ দফা নির্দেশিকা জারি করেন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।

নির্দেশিকায় বলা হয়েছে, কোনও পুলিশকর্মী ব্যক্তিগত অ্যাকাউন্ট, মেসেজিং অ্যাপ বা অন্য কোনও ডিজিটাল মাধ্যমে গোপনীয় বা স্পর্শকাতর তথ্য প্রকাশ করতে পারবেন না। তদন্তের কৌশল, তথ্যপ্রমাণ কিংবা চলতি তদন্ত সংক্রান্ত কোনও মন্তব্যও সোশ্যাল মিডিয়ায় করা যাবে না। এমনকি অভিযুক্ত সম্পর্কে আগাম মন্তব্য থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

সরকারি নীতি, প্রকল্প বা রাজনৈতিক বিষয় নিয়ে মত প্রকাশ করা থেকেও পুলিশকর্মীদের বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বাহিনীর নিরপেক্ষতা নিয়ে কোনও প্রশ্ন না ওঠে। পাশাপাশি সরকারি অনুষ্ঠান, অন্য দফতর বা প্রশাসনিক বিষয় নিয়ে বিরূপ মন্তব্য করাও নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া ইনস্পেকশন, ডিউটি, ভিজিট বা অপারেশন সংক্রান্ত ছবি ও তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করার নির্দেশ রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে অপেশাদার আচরণ বা অযথা বিতর্কে জড়ানো থেকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

লালবাজার স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশিকা অমান্য করলে সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা পুলিশের সব থানাসহ বিভিন্ন বিভাগে ইতিমধ্যেই এই নির্দেশ পাঠানো হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement