Advertisement

দূষণে বিশ্বের ১০ নম্বরে নদিয়ার এই মফস্বল, লিস্টে ব্যারাকপুর সহ বাংলার ৯ শহরও, কারণ খুঁজছে পর্ষদ

নদিয়ার এক ছোট শহর এবার বিশ্বমঞ্চে উঠে এল উদ্বেগজনক কারণে। রানাঘাটের কাছে অবস্থিত উলা বা বীরনগরকে ২০২৫ সালের বিশ্বের দশম সর্বাধিক বায়ু-দূষিত শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Apr 2026,
  • अपडेटेड 2:54 PM IST
  • নদিয়ার এক ছোট শহর এবার বিশ্বমঞ্চে উঠে এল উদ্বেগজনক কারণে।
  • রানাঘাটের কাছে অবস্থিত উলা বা বীরনগরকে ২০২৫ সালের বিশ্বের দশম সর্বাধিক বায়ু-দূষিত শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নদিয়ার এক ছোট শহর এবার বিশ্বমঞ্চে উঠে এল উদ্বেগজনক কারণে। রানাঘাটের কাছে অবস্থিত উলা বা বীরনগরকে ২০২৫ সালের বিশ্বের দশম সর্বাধিক বায়ু-দূষিত শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

‘ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট ২০২৫’-এ উঠে এসেছে এই তথ্য। রিপোর্টে বলা হয়েছে, উলার পাশাপাশি কলকাতা সংলগ্ন একাধিক শহরও পশ্চিমবঙ্গের সবচেয়ে দূষিত এলাকার তালিকায় রয়েছে।

২০২৫ সালে উলার বাতাসে পিএম ২.৫-এর গড় মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ৮৬.৮ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র নির্ধারিত নিরাপদ সীমার (৫ মাইক্রোগ্রাম) তুলনায় প্রায় ১৭ গুণ বেশি। এই সূক্ষ্ম দূষণকণাগুলি এতটাই ক্ষুদ্র যে সহজেই ফুসফুসে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশে গিয়ে গুরুতর শ্বাসকষ্ট ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

অন্যদিকে, কলকাতা-র বায়ুগুণমান কিছুটা উন্নত হলেও এখনও তা উদ্বেগজনক। শহরে পিএম ২.৫-এর বার্ষিক গড় মাত্রা ৫১ মাইক্রোগ্রাম, যা দেশের গড় (৪০) থেকে বেশি। ফলে বিশ্ব তালিকায় কলকাতার স্থান ৭৭তম।

এই প্রতিবেদনে আরও দেখা গেছে, বাংলার মধ্যে উলার পর সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে রয়েছে মধ্যমগ্রাম, ব্যারাকপুর, বারুইপুর, হাওড়া, বালি, দুর্গাপুর, আসানসোল, হলদিয়া ও শিলিগুড়ি।

বিশেষজ্ঞদের মতে, উলার দূষণের নির্দিষ্ট কারণ এখনও পরিষ্কার নয়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানিয়েছেন, সরেজমিনে তদন্ত না করলে সঠিক কারণ বলা কঠিন। তবে কৃষিকাজের ফলে সৃষ্ট ধূলিকণা বা স্থানীয় ছোট শিল্প, যেমন চালকল, দূষণের একটি সম্ভাব্য উৎস হতে পারে।

উল্লেখযোগ্যভাবে, বিশ্বের ১৪৩টি দেশের ৯,৪৪৬টি শহরের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে, শীর্ষ ১০ দূষিত শহরের মধ্যে পাঁচটিই ভারতে অবস্থিত। তালিকার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশের লোনি, আর তৃতীয় স্থানে রয়েছে মেঘালয়ের বাইরনিহাট। দিল্লি ও গাজিয়াবাদ যথাক্রমে চতুর্থ ও সপ্তম স্থানে রয়েছে।

দেশের নিরিখে সবচেয়ে দূষিত দেশের তালিকায় প্রথম স্থানে পাকিস্তান, দ্বিতীয় স্থানে বাংলাদেশ এবং ভারত রয়েছে ষষ্ঠ স্থানে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement